জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের ৭ টি পৌরসভার নির্বাচনে আইনশৃঙ্খলা ঠিক রাখতে একাধিক পদক্ষেপ করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।
বুধবার তার কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে পুলিশ সুপার দিনেশ কুমার জানান, নির্বাচনের দিন জেলার সাতটি পৌরসভার প্রতিটি বুথে কড়া ব্যবস্থা হিসেবে সহস্ত্র পুলিশি প্রহরা থাকবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে থাকবে ইন্সপেক্টর পদাধিকারী অফিসার, কন্ট্রোল রুম ও স্ট্রং রুম। একেকটি থানা রিজার্ভ হিসেবে থাকছে। জেলার পুলিশ কর্মীদেরই নির্বাচনের কাজে লাগানো হচ্ছে। জেলার জন্য কিছু ফোর্স ঝাড়গ্রাম থেকে আনা হচ্ছে। এছাড়াও নাকা চেকিং পয়েন্টের পাশাপাশি থাকবে পুলিশ পেট্রোলিং। মূলত সাধারণ ভোটাররা যাতে কোনো রকম ভয় ভীতি ছাড়া তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করবে পুলিশ। অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে পুলিশি তৎপরতা সহ সবরকম পদক্ষেপ নেওয়া হয়েছে।

