প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে পশ্চিম মেদিনীপুর জেলা

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ এপ্রিল: প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে পশ্চিম মেদিনীপুর জেলা সহ দক্ষিণ বঙ্গের জেলার মানুষ। দক্ষিণ বঙ্গের অন্যান্য জেলাগুলির সাথে পশ্চিম মেদিনীপুর জেলাতেও কয়েকদিন ধরে তাপপ্রবাহ চলছে।

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমাতে গরমের দাপট অব্যাহত রয়েছে। বেশ কয়েকদিন ধরে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই।ঘাটাল পাঁশকুড়া রোড সম্প্রসারণে রাস্তার দুধারে গাছ কেটে ফেলা হয়েছে, রাস্তার পাশে দোকানও নেই যেখানে প্রচন্ড রোদের হাত থেকে বাঁচতে মানুষজন দাঁড়াবে। যার ফলে প্রচন্ড গরমের দাপটে দুপুরে জেলার জনজীবন অনেকটাই স্তব্ধ হয়ে পড়ছে। রাস্তাঘাট শুনশান বললেই চলে। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা সকলের। সবচেয়ে বেশি বিপদে পড়তে হচ্ছে শিশু ও বয়স্ক মানুষদের। প্রচণ্ড গরমের ফলে অসুখ-বিসুখ বাড়ছে। গরম বাতাস বইছে যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। একটু বৃষ্টির আশায় আকাশের দিকে তাকিয়ে রয়েছেন সকলেই। কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে এখন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা আরও বাড়বে। যারা বাইরে বেরচ্ছে তাদের জন্য রাজ্য সরকার থেকে সতর্ক বার্তা জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *