জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ মে: ঘূর্ণিঝড় যস আসার আগে সব রকম ভাবে প্রস্তুতি নিচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে মেদিনীপুর পৌর প্রশাসন ঘূর্ণিঝড় যস আছড়ে পড়ার পূর্বেই বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে।
মেদিনীপুর পৌরসভার পৌর প্রশাসক দিনেন রায় জানান, ইতিমধ্যেই মেদিনীপুরের কংসাবতী নদী লাগোয়া যেসব মানুষদের মাটির বাড়ি রয়েছে সেই সব মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ঝড়ের মোকাবিলার জন্য সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে কাজ করা হচ্ছে। পৌর এলাকায় যেসব বড় বড় গাছ রয়েছে যেগুলি ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে, সেইসব গাছের ডালপালা কেটে ফেলা হচ্ছে। নদী লাগোয়া মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে। পৌর এলাকায় যেসব রেসকিউ সেন্টার করা হয়েছে সেখানে আশ্রয় নেওয়া মানুষদের শুকনো খাবার, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে ঘূর্ণিঝড় যস আছড়ে পড়ার পূর্ববর্তী ও পরবর্তী সময়ে সামাল দেওয়ার জন্য সর্বতোভাবে প্রস্তুত মেদিনীপুর পৌর প্রশাসন বলে জানান তিনি।

