পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
৬ ডিসেম্বর: পুরুলিয়া জেলার ঝালদা পৌরসভার ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল শুরু করেছে কংগ্রেস। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে শহর জুড়ে মিছিল করা হল এবং মেদিনীপুর পৌরসভার সামনে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন জেলা সভাপতি সমীর রায়, শম্ভুনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য কংগ্রেস নেতারা।

উল্লেখ্য, ২১ নভেম্বর ঝালদা পুরসভায় আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে কংগ্রেস। আস্থাভোটে জয়ী হয়ে শীলা চট্টোপাধ্যায়কে পুরপ্রধান হিসাবে মনোনীত করে কংগ্রেস। কিন্তু কাউন্সিলর জবা মাছোয়ারকে চেয়ারপার্সন হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত নেয় তৃণমূল। পরস্পর বিরোধী ঘটনার প্রেক্ষিতে সোমবার কলকাতা হাইকোর্ট সমস্ত বিষয়ে স্থগিতাদেশ জারি করে। আগামী এক মাস ঝালদা পুরসভা পরিচালনার দায়িত্ব পুরুলিয়ার জেলাশাসককে দিয়েছে।
বিরোধীদের অভিযোগ, গণতান্ত্রিক ও সাংবিধানিক পরিকাঠামোকে অস্বীকার করে শাসক দল প্রশাসক নিয়োগের মাধ্যমে ঝালদা পুরসভার নিয়ন্ত্রণ নিজেদের অধীনে রাখতে চাইছে। তারই প্রতিবাদে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ইতিমধ্যেই রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছেন৷ সেই সঙ্গে রাজ্য জুড়ে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হচ্ছে৷ তারই অঙ্গ হিসাবে এদিনের এই বিক্ষোভ মিছিল।

