সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৯ ডিসেম্বর: মনোনীত বোর্ড বাতিল করে প্রতিটি সমবায়ে নির্বাচন, সমবায়ের লুঠ হওয়া কোটি কোটি টাকা উদ্ধার ও এই কাজে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ কয়েক দফা দাবিতে আজ সমবায় বাঁচাও মঞ্চের পক্ষ থেকে জেলা শাসক ও জেলা সমবায় নিয়ামকের কাছে স্মারকলিপি পেশ করা হয়।

সমবায় মঞ্চের পক্ষ থেকে প্রতীপ মুখার্জি বলেন, কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সমবায় সংগঠনগুলিকে ধ্বংসের পথে ঠেলে দিতে একযোগে কাজ করে চলেছেন। বছরের পর বছর করা হচ্ছে না সমবায়গুলির কোনো নির্বাচন, আর তার মাথায় বসিয়ে দেওয়া হচ্ছে কিছু অনুগত আমলা বা শাসক দলের নেতাদের, যাদের বেশিরভাগেরই সমবায় সংক্রান্ত সম্যক ধারণা নেই। লুঠ হয়ে যাচ্ছে সমবায়গুলির কোটি কোটি টাকা। নেওয়া হচ্ছে না তা উদ্ধার করার প্রচেষ্টা। আর রাজ্যের শাসক দলের মদতে লুণ্ঠনকারীরা বুক ফুলিয়েই ঘুরে বেড়াচ্ছে। পরিকল্পনার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে খরিফ ও রবি মরশুমে কৃষকদের ঋণ প্রদান। কৃষকদের ওপর জাঁকিয়ে বসার চেষ্টা করছে মাইক্রো ফিনান্স প্রদানকারী সংস্থাগুলি। কৃষকদের একটা অংশ জড়িয়ে পড়তে বাধ্য হচ্ছে নতুন আঙ্গিকের এই মহাজনী শোষণে। এই অবস্থার নিরসনে তথা সমবায়গুলিকে স্বমহিমায় ফিরিয়ে আনার দাবিতে পশ্চিমবঙ্গ সমবায় মঞ্চের বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়।

বাঁকুড়া পৌরসভার সামনে সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা হয় এই কর্মসূচির। পৌরসভার সামনে থেকেই শুরু করা হয় মিছিল। মাচানতলা চত্বরের বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক, টেলিফোন ভবনের সামনে হয়ে, কালেক্টরেটের সামনে গিয়ে পৌছলে লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে রেখে মিছিলের গতিরোধ করে। সেখান থেকে তরুণ রাজ, অসিত শর্মা, লক্ষ্মণ মন্ডল, বিশ্বজিত সিনহা ও প্রতীপ মুখার্জিকে নিয়ে গঠিত এক প্রতিনিধি দল জেলা শাসকের ঠিক করে দেওয়া ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে স্মারকলিপি পেশ করেন।

