বিজেপির পদ্মফুলে বাংলার মাটির গন্ধ রয়েছে, ডিএনএ-তে পশ্চিমবঙ্গ রয়েছে, বহিরাগত ইস্যুতে বিরোধীদের কড়া জবাব মোদীর

শ্রীরূপা চক্রবর্তী, আমাদের ভারত, ৭ মার্চ: রাজ্যের শাসকদল হোক বা বাম কংগ্রেস বার বার বিজেপিকে বহিরাগত বলে আক্রমণ করেন। রবিবার কলকাতায় ব্রিগেড মঞ্চ থেকে এই বহিরাগত ইস্যুতে বিরোধীদের কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বললেন, বিজেপির ডিএনএতে বাংলা। পদ্মফুলে বাংলার মাটির গন্ধ রয়েছে। বরং যে কংগ্রেস তৃণমূল বামেরা বিজেপিকে বহিরাগত বলে, তারা এবং তাদের আদর্শ তাদের নীতি বহিরাগত। সেখানে বিজেপির জন্ম হয়েছিল এই বাংলার ভুমিপুত্রের হাত ধরে।

প্রধানমন্ত্রী বলেন, “বিজেপিকে বহিরাগত বলছেন? আপনারা বলুন কংগ্রেস কে তৈরি করেছিল? কংগ্রেস তো এক বহিরাগতর হাত ধরেই স্থাপিত হয়েছিল। যারা কিনা ভারতবর্ষকে পরাধীন করে রেখেছিল। আর যে বামপন্থীরা এত বছর পশ্চিমবঙ্গে শাসন করেছে, তাদের আদর্শ মার্কস বাদ, লেলিন বাদ, মাওবাদ কি ভারতের আদর্শ? তাদের আদর্শ তো বহিরাগত। এই তৃণমূল কংগ্রেস তো সেই কংগ্রেস থেকে তৈরি হয়েছিল। আর কংগ্রেসের জন্ম তো বহিরাগতের হাত ধরেই হয়েছিল।” মোদী মনে করিয়ে দেন “কিন্তু বিজেপির স্থাপনার মূলে রয়েছে এই বাংলার ভূমিপুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এক বাঙালির আদর্শে তৈরি হয়েছে এই দল। বিজেপির গাঁয়ে বাংলার গন্ধ প্রথম দিন থেকেই রয়েছে। বাংলার সংস্কৃতি মিশে রয়েছে বিজেপির মধ্যে। বিজেপির ডিএনএতে বাংলা।”

মোদী বলেন, “বিজেপি বাংলার কাছে ঋণী। এই ঋণ বিজেপি কখনো শোধ করতে পারবে না। তাই বাংলার মাটির তিলক লাগিয়ে তাকে উন্নতির শিখরে পৌছে দেব আমরা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *