পূর্ব ভারতের প্রধান চিকিৎসা কেন্দ্র বনহুগলি থেকে স্থানান্তরিত করার প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চের সদস্যদের বিক্ষোভ

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৫ নভেম্বর: বরানগরের বনহুগলিতে অবস্থিত পূর্ব ভারতের প্রধান চিকিৎসা কেন্দ্র বন হুগলি প্রতিবন্ধী হাসপাতাল বা (এনআইএলডি)কে স্থানান্তরিত করার প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন করলেন পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চের সদস্যরা। যেখানে সমাজের বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষদের চিকিৎসা হয়, গত কয়েকমাস ধরে সেই হাসপাতালটি অন্যত্র সরিয়ে নিয়ে যাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে সমাজের সমস্ত শ্রেণির মানুষ আজ পশ্চিমবঙ্গ নাগরিক মঞ্চ সহ বেশ কয়েকটি সংগঠন যৌথভাবে বিক্ষোভ কর্মসূচি সহ কেন্দ্রীয় সরকারের বানানো সার্কুলারের প্রতিলিপি জ্বালিয়ে প্রতিবাদ জানালেন। এরপর তারা এনআইএলডি ক্যাম্পাস পর্যন্ত মিছিল করে প্রতিবাদ জানান।

সোমবার এই প্রতিবাদ মিছিল সংগঠিত করার পর আন্দোলনকারীরা বলেন, “এই প্রতিবন্ধী হাসপাতালটি সমস্ত উত্তর ভারতের মধ্যে প্রতিবন্ধীদের জন্য তৈরি একমাত্র হাসপাতাল। এই হাসপাতালের ওপর পশ্চিমবঙ্গের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষরা নির্ভর করে থাকেন। এমনকি বাইরে থেকেও রোগী আসে এখানে চিকিৎসা করানোর জন্য। আর এই সব জানা সত্বেও কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যের সাথে বঞ্চনা করার উদ্যেশ্যে বরানগরের এই হাসপাতালটিকে প্রধান সংস্থার তকমা কেড়ে নিয়ে শাখা সংস্থার তকমা দিয়ে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত চালাচ্ছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। সেই সঙ্গে এই হাসপাতালের যে বাজেট সরকার কমিয়ে দিয়েছে সেই বাজেট আবার বাড়িয়ে এই হাসপাতালের মান উন্নয়ন করার দাবি জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *