শিলদা কলেজে এক সপ্তাহ ধরে “মেরা মাটি, মেরা দেশ” কর্মসূচি

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৬ আগস্ট:
ঝাড়গ্রাম জেলার শিলদা চন্দ্রশেখর কলেজের এন এস এস ইউনিটের উদ্যোগে মেরা মাটি, মেরা দেশ” শ্লোগানকে সামনে রেখে ৯ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত এক সপ্তাহ ধরে দেশাত্মবোধক, পরিবেশ সচেতনতা ও সমাজ সচেতনতা মূলক নানা কর্মসূচি অনুষ্ঠিত হলো। বুধবার ১৬ আগস্ট এই কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে সমাপ্তি হয়।

এই সমাপ্তি অনুষ্ঠানে প্রাক্তন সেনাকর্মী বাবুরাম হাঁসদাকে
এনএসএস’এর পক্ষ থেকে বিশেষ সম্মান প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলদা চন্দ্র শেখর কলেজের প্রিন্সিপাল ড: সুশান্ত কুমার দোলুই, ভাইস প্রিন্সিপাল ড: সুজাতা তেওয়ারি, কলেজের জাতীয় সেবা প্রকল্পের দুই প্রোগ্রাম অফিসার অধ্যাপক ডঃ সুশান্ত দে ও অধ্যাপক ফটিক চন্দ্র অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এছাড়াও উপস্থিত ছিলেন
এনএসএস’এর ভলান্টিয়ার্সরা। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক ফটিক চন্দ্র অধিকারী।

এদিনের অনুষ্ঠানের শুরুতে সাত দিনে ধরে অনুষ্ঠিত হওয়া কর্মসূচিগুলি বিস্তারিত ভাবে সবার সামনে তুলে ধরেন অধ্যাপক সুশান্ত দে। এই কর্মসূচিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল বৃক্ষ রোপন, জাতীয় পতাকা উত্তোলন, প্রভাত ফেরি, বীর সেনানীদের সম্মান প্রদান, দত্তক গ্ৰামের অধিবাসীদের মধ্যে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। এরপর এই সমাপ্তি অনুষ্ঠানে মাটিহানা ও শিমুলডাঙ্গা দুটি দত্তক গ্ৰামের অধিবাসীদের মধ্যে ডেঙ্গু সচেতনা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে গ্রামবাসীদের মধ্যে মশারি বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জানান অধ্যাপক ডঃ সুশান্ত দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *