অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ৪ এপ্রিল: শিক্ষাক্ষেত্রে অবিলম্বে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য রাজ্য প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক। আলিয়াকান্ডে এই দাবি তুলল পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
সোমবার সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক কেশব ভট্টাচার্য এই প্রতিবেদককে জানান, “সম্প্রতি আমাদের রাজ্যের শিক্ষাক্ষেত্রে চূড়ান্ত অরাজক অবস্থার সৃষ্টি হয়েছে। স্কুল, কলেজ সহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে নিয়োগের বিষয়ে সীমাহীন দুর্নীতির ঘটনা ঘটছে। ছাত্র আন্দোলনের নাম করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেসব ঘটনা ঘটছে তাতে আপামর জনসাধারণের লজ্জায় মাথা হেঁট হয়ে যায়।
অতি সম্প্রতি আলিয়া বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্যের সঙ্গে যে ভাষা ও ভঙ্গিতে কথা বলা হয়েছে সেটি রাজ্যের শিক্ষা ব্যবস্থার সামগ্রিক অবক্ষয়ের উদাহরণ। ছাত্র নামধারী, একটি বিশেষ রাজনৈতিক দলের মদত পুষ্ট এই সমাজ বিরোধীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছে পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একই সঙ্গে অধ্যাপক সমিতি দাবী করছে শিক্ষাক্ষেত্রে অবিলম্বে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য রাজ্য প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক।”
প্রসঙ্গত, একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যাতে দেখা যাচ্ছে, আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ঘরে ঢুকে গালিগালাজ করছেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা গিয়াসউদ্দিন। কীভাবে তিনি এই সাহস পেলেন? সেই তথ্য খুঁজে বার করতে গিয়েই উঠে আসতে থাকে একের পর এক তথ্য। এই ঘটনায় আরও একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়। জিম নওয়াজ নামে তৃণমূল ঘনিষ্ঠ নেতাকে বলতে শোনা যায়, আলিয়া বিশ্ববিদ্যালয়ে যাই ঘটে যাক না কেন পুলিশ সেখানে যাবে না। নির্দেশ দেওয়া আছে টেকনো সিটি থানার আইসি-কে। এমনকী মন্ত্রী ফিরহাদ হাকিম ও গোলাম রব্বানিও এই বিষয়ে অবগত বলে দাবি করা হয়। এরপর বিষয়টি আরও চড়তে থাকে। ইতিমধ্যেই এই ঘটনায় তথ্য চেয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। সেক্ষেত্রে আলিয়া নিয়ে আবার রাজ্য-রাজ্যপাল সংঘাত প্রকাশ্যে আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

