আমাদের ভারত, ৬ অক্টোবর: দুর্গাপূজাতেও নিম্নচাপের ভ্রুকুটি। অষ্টমী থেকে দশমী শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গে পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। অষ্টমী থেকে দশমী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলিতে। চলতি সপ্তাহের শুক্রবারের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে হাওয়া দপ্তর।
দুর্গাপূজোয় বৃষ্টির আশঙ্কার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। এবার সেই আশঙ্কাকেই সত্যি করে আবহাওয়া দপ্তর জানিয়ে দিল দুর্গাপূজায় বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী ৯ অক্টোবর থেকে ১২অক্টোবর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর ভালো থাকবে। আলিপুরে হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ১২-১৩ অক্টোবরের মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আন্দামানের ওপরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। সিটি ধীরে ধীরে ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকে এগোবে। যার ফলে পুজোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

