“আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী দেখতে চাই, তিনিই বিরোধী শিবিরের প্রধান মুখ”, বৈঠকের পর বললেন তৃণমূল সাংসদরা

আমাদের ভারত, ২৮ জুলাই: সংসদের অধিবেশন চলাকালীনই
রাজধানী সফরে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো। আজ সেই সফরের তৃতীয় দিনে তৃণমূলের সাংসদদের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের পরই তৃণমূলের সাংসদরা বলেছেন তারা এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। তিনিই এই মুহূর্তে বিজেপি বিরোধী প্রধান মুখ।

বুধবার দুপুরে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সাংসদের এই বৈঠকটি হয়। এই বৈঠকে হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন সহ লোকসভা ও রাজ্যসভার তৃণমূলের সব সংসদরা। বৈঠক শেষে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন,”মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রধানমন্ত্রী পদে দেখতে চাই। দেশের মধ্যে এখন তিনি বিরোধী রাজনৈতিক শিবিরের প্রধান। তার নেতৃত্বেই বিজেপিকে হটানোর সম্ভব। সংসদীয় কমিটির বৈঠকে আমরা সব সাংসদ মিলে এই প্রস্তাবই দিয়েছি। আমরা তার নেতৃত্বেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই করে নরেন্দ্র মোদী সরকারকে উৎখাত করতে চাই।

এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, সংসদের অধিবেশনের সময় তিনি দিল্লি আসায় আমরা উজ্জীবিত। তার নেতৃত্বেই আমরা লড়াই চালিয়ে যাচ্ছি এবং এই লড়াই আগামীতেও চলবে।

গত শুক্রবার তৃণমূল সংসদীয় দলের চেয়ারপার্সন মনোনীত হন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর এই প্রথম দলের সাংসদদের নিয়ে তিনি বৈঠক করলেন। তৃণমূল সূত্রের খবর, কেন্দ্রে বিজেপি বিরোধী জোট গঠনের প্রক্রিয়া শুরুর পাশাপাশি চলতি বাদল অধিবেশনে সংসদে দলের রণকৌশল কি হতে চলেছে তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বুধবারের এই বৈঠকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *