আমাদের ভারত, বর্ধমান, ২৩ আগস্ট: বাংলা ভাগ নিয়ে বিজেপির মধ্যে বিভাজন নিয়ে বিজেপিকে একহাত নিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মন্ত্রীর অভিযোগকে নস্যাৎ করে দিয়ে সোনার বাংলা গড়তে চায় বিজেপি বলে দাবি করলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার বর্ধমানের জেলা অফিসে বিশেষ কার্যকর্তা বৈঠকে যোগ দিতে আসেন দিলীপ ঘোষ। তিনি বলেন, আমাদের দলের মধ্যে কোনও অভিযোগ নেই। ভারতীয় জনতা পার্টি কখনও বঙ্গভঙ্গ চায়নি। আমরা চেয়েছি সোনার বাংলা। সেই সোনার বাংলা গড়তে আমরা চেষ্টা করে যাচ্ছি।
দুয়ারে সরকারের বিভিন্ন শিবিরে রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের দেখা যাচ্ছে৷ তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়গুলি থেকে ফর্ম ফিলাপ করে দেওয়ার অভিযোগ উঠছে। সেই প্রসঙ্গ তুলে ধরে দিলীপ ঘোষ মন্তব্য করেন, সরকারি প্রকল্প নিয়ে রাজনীতি করা হচ্ছে। পার্টি অফিস থেকেই ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আর তার ফলে তৃণমূল কংগ্রেসের ধামাধরা লোকেরাই ভ্যাকসিন পাচ্ছে। সাধারণ মানুষ ভ্যাকসিন থেকে বঞ্চিত হচ্ছেন। এগুলো বন্ধ হওয়া দরকার। আর সরকারি সুবিধা দিতে হলে তো উপভোক্তাদের অ্যাকাউন্টেই পাঠানো যেত।সেটা কেন করা হচ্ছে না প্রশ্ন তোলেন তিনি।
পাশাপাশি তিনি সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, মানুষকে আজ ভিখারি বানিয়ে তাদের রাস্তায় নামানো হয়েছে। আর পাঁচশো টাকা নেওয়ার জন্য ভোর চারটে থেকে বিকেল চারটে পর্যন্ত সাধারণ মানুষ লাইনে দাঁড়াচ্ছে৷ তারা অসুস্থ হয়ে পড়ছে কখনো বা ঠেলাঠেলিতে চাপা পড়ছে।
বর্ধমান পুরসভার নতুন প্রশাসক কমিটি গঠন হওয়ার পরে সহ প্রশাসক পদে আইনুল হককে বসানো নিয়ে বর্ধমান শহর জুড়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল। যা নিয়ে বিরক্ত জেলা তৃণমূল নেতৃত্ব। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, নির্বাচনের আগে থেকেই আমাদের দলের কর্মীদের তৃণমূল মারধর করেছে তারা বাড়িছাড়া আছে। আজ সেই কর্মীরাই নিজেদের মধ্যে মারামারি শুরু করেছে। এই পার্টিটা সমাজবিরোধীদের পার্টি হয়ে গেছে। তাই নিজেদের মধ্যে খুনখারাপি চলছে। এতে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত হয়ে উঠছে।

