“নাম বা ধর্ম পাল্টে ফেলতে পারি, রাম আমাদের পূর্বপুরুষ সেটা কিভাবে পাল্টাবো” উত্তরপ্রদেশে দীপাবলির আরতি করলেন মুসলিম মহিলারাও

আমাদের ভারত, ১৩ নভেম্বর: অভিনব এক দীপাবলি পালনের সাক্ষী থাকল উত্তর প্রদেশ। সেখানে বেনারসের একটি মন্দিরে দীপাবলি পালন করলেন মুসলিম মহিলারা। বোরখা, হিজাব পরে ভগবান রামের বন্দনা করলেন। তারা জানান, রামের আরাধনা করলে মনের দূরত্ব ঘুঁচবে।

হিন্দু মহিলাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দীপাবলির আরতি করলেন মুসলিম মহিলারা। বারানসির একটি সঙ্কট মোচন মন্দিরে ২০০৬ সালে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল। তারপর থেকেই মন্দিরে রামনবমী ও দীপাবলিতে আরতি করেন মুসলিম মহিলারা। ভগবান রামের মূর্তির সামনে দাঁড়িয়ে পাঠ করেন হনুমান চালিশা। তাদের বার্তা, ভগবান রাম পারেন সমস্ত ধর্মীয় ভেদাভেদ দূর করে শান্তি প্রতিষ্ঠা করতে। বর্তমান যুগের হানাহানির মধ্যে রাম মানুষকে ন্যায়ের পথে ফিরিয়ে আনতে পারেন।

বেশ কয়েকজন মুসলিম মহিলাই আরতি করেন এদিন। গান গেয়ে তারা বলেন, অযোধ্যা আমাদের তীর্থস্থান। এখানে হিন্দের ইমাম শ্রীরাম রয়েছেন। তাদের নেত্রী নাজনিন আনসারি মনে করেন, “রাম আমাদের পূর্বপুরুষ, নিজেদের নাম বা ধর্ম আমরা পাল্টে ফেলতেই পারি কিন্তু পূর্বপুরুষকে কিভাবে পাল্টাবো? আমরা ভারতীয়, এদেশের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাব। মুসলিমরা যদি তাদের পূর্বপুরুষের সঙ্গে যুক্ত থাকেন তাহলে অবশ্যই তাদের সম্মান বাড়বে।”

আরতিতে সামিল হয়েছিলেন নাজমা পারভিন যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে পিএইচডি করেছেন। তাঁর মতে এই আরতি আসলে বিশেষ বার্তা দেয়। সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে শান্তির বার্তা দেয় এই আরতি। এরফলে সমাজে ধর্মীয় ভেদাভেদ ভুলে একতা বাড়বে। আর তাতে কাশি পথ দেখাচ্ছে বলে আশা করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *