“আমরা হাতে চুড়ি পরে বসে নেই, এমন প্রত্যুত্তর দেব তৃণমূল সারা জীবন মনে রাখবে,” হুঁশিয়ারি সুকান্তর

আমাদের ভারত, ২৩ জুলাই: আমরাও হাতে চুড়ি পরে বসে নেই। এমন প্রত্যুত্তর দেব যাতে তৃণমূল কংগ্রেস সারা জীবন মনে রাখবে। তৃণমূলের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি নিয়ে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

আজ দলের কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে দিল্লি যাওয়ার আগে নিজের কলকাতার বাসভবনে সুকান্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিরোধী দলের নেতাদের বাড়ি ঘেরাও করতে বলা তাদের সাংবিধানিক অধিকার খর্ব করার চেষ্টা, যা কোনোভাবেই বিজেপি মেনে নেবে না। তিনি বলেন, “ওদের যা করার ওরা করুক। কিছু মানুষের প্রাণ যদি যায় কেউ যদি আহত হয় কোনো মায়ের কোল যদি খালি হয় আমরাও তৃণমূল কংগ্রেসকে ছাড়বো না। পরবর্তী পদক্ষেপ আমরা সঠিক সময় ঘোষণা করব। এমন প্রত্যুত্তর দেব তৃণমূল কংগ্রেসে সারা জীবন মনে রাখবে।”

তিনি জানান, “রাজের বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা এফআইআর করেছেন। এটা প্ররোচনামূলক কথা। মুখ্যমন্ত্রী এবং তার স্বনামধন্য কয়লা ভাইপো যেভাবে হিংসায় প্ররোচনা দিয়েছে তা ভারতের ইতিহাসে কেউ কখনো দেখেনি।”

তৃণমূলের কর্মসূচি নিয়ে অমিত শাহের সঙ্গে কথা হয়েছে বলেও জানিয়েছেন সুকান্ত। তিনি বলেন, “বিষয়টি নিয়ে গতকাল আমার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথা হয়েছে। ওনাকে আমি বিষয়টি চিঠি দিয়ে জানাচ্ছি। আমাদের একটি প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করে বিষয়টি জানাবে। কারণ সাংবিধানিক অধিকার খর্ব করার চেষ্টা হচ্ছে।” সুকান্ত হুঁশিয়ারির সুরে বলেন, “তৃণমূলের কর্মসূচি মোকাবিলায় বিজেপি প্রস্তুত আছে। তার পাল্টায় কি হবে তৃণমূল কংগ্রেসকে ভেবে রাখতে বলবেন। আমরা হাতে চুড়ি পরে বসে নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *