আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩ অক্টোবর: “আমরা পরিস্কার, আমাদের চারদিক পরিস্কার,” এই বার্তা তুলে ডেঙ্গি সচেতনতা প্রচারে কোমর বেঁধে নামল জলপাইগুড়ি জেলা প্রশাসন। প্রাক দুর্গা পুজোকে কেন্দ্র করে মঙ্গলবার থেকে দশদিন ধরে জেলার গুরুত্বপূর্ণ জায়গা পরিস্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহণ করা হল। এদিন শহরের বাবু ঘাট থেকে ডেঙ্গি সচেতনতায় টি-শার্ট, টুপি, মাস্ক, গ্লাভস পরে ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন জেলা প্রশাসনের কর্তারা। উপস্থিত ছিলেন জেলাশাসক সামা পারভিন, জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবহালে, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার, পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল সহ অনেকে।

রাজ্যজুড়ে ডেঙ্গির উপদ্রব বাড়ছে, আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। জলপাইগুড়ি জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা চারশো ছাড়িয়েছে। প্রতিদিন আক্রান্তের খোঁজ মিলছে। দিন কয়েক পরে পুজো, প্রত্যেক পুজো মণ্ডপে ডেঙ্গি সচেতনতার পাশাপাশি পরিস্কার পরিচ্ছেন্ন করতে জোর দেওয়া হলো।
জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবহালে বলেন, “বাবুঘাট থেকে শুরু হল ডেঙ্গি সচেতনতার প্রচার। শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে সকলকে এই বিষয়ে সচেতনত করতে এই প্রচার।”
জেলাশাসক সামা পারভিন বলেন, “ডেঙ্গি রুখতে
জেলাজুড়ে দশ দিন ধরে প্রাক পুজোকে কেন্দ্র করে সচেতনতার উদ্যোগ। হাটেবাজারে, আইসিডিএস সেন্টারে, স্কুলে, হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় আজ থেকে শুরু হল এই কর্মসূচি। পুজো কমিটিগুলোকে বলা হয়েছে সচেতনতা বাড়াতে। কারণ পুজোর সময় অনেক লোক বের হয়, সকলের মধ্যে ডেঙ্গি নিয়ে সচেতনতা বাড়বে। মানুষের অভ্যাস সচেতনতার মধ্য দিয়ে পাল্টাতে হবে।”

