আমাদের ভারত, ২৩ জানুয়ারি: “যদি আমরা নেতাজিকে প্রকৃত অর্থে সম্মান করতে চাই, তাহলে আমাদের সবার কর্তব্য তাঁর ঐক্য, ভ্রাতৃত্ব, সম্প্রীতির আদর্শকে অনুসরণ করা। বর্ণ, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে আমরা সবাই ভারতীয়– এই আমাদের পরিচয়।” শুক্রবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমাদের সরকার তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একাধিক পদক্ষেপ করেছে। আলিপুর মিউজিয়ামে জেলের যে কুঠুরিতে নেতাজী থাকতেন সেটাকে restore করে জনসাধারণের দেখার জন্য খুলে দেওয়া, নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর প্রদর্শনী করা, তাঁর লেখা ‘তরুণের স্বপ্ন’ বইটি বিভিন্ন ভাষায় অনুবাদ করা সহ অনেককিছুই করা হয়েছে ও হচ্ছে।
এ প্রসঙ্গে বলি, নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে আমরা ‘তরুণের স্বপ্ন’ নামে একটি প্রকল্পও চালু করেছি যাতে রাজ্য সরকার সরকারি স্কুলের একাদশ শ্রেণির ছাত্র- ছাত্রীদের পড়াশোনার সুবিধার জন্য মোবাইল/ ট্যাব কেনার জন্য ১০,০০০ টাকা করে দেয়।”

