নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১১ মার্চ:
পায়ে ব্যান্ডেজ বেঁধে ছবি তুলতেই নাটক করছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ইকোপার্কে এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, অতীতে বহুবার এমন নাটক করেছেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, নন্দীগ্রামে বুধবার মুখ্যমন্ত্রী আহত হয়েছেন। তাঁর অভিযোগ ভিড়ের মধ্যে তাঁকে ধাক্কা মেরেছে চারজন। তাতেই পড়ে গিয়ে তাঁর চোট লেগেছে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে এসএসকেএম হাসপাতালে ভর্তি তৃণমূল সুপ্রিমো।
সেই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, উনি সত্যটা সামনে আসতে দিতে চান না। যে কেউ পায়ে ব্যান্ডেজ বেঁধে শুয়ে পড়তে পারে। কিন্তু ওই ছবি দিয়ে ভোট পাওয়া যায় না। এখন উনি যেটা করছেন তার পুরোটাই নাটক। আমাদেরও বহুবার চোট লেগেছে। এটা ওনার পুরনো অভ্যাস। রাজনীতি করতে গিয়ে আমাদের কত কর্মীর লেগেছে, অনেকবার আমাদেরও লেগেছে, আক্রান্ত হয়েছি। আমরা চিকিৎসা করিয়েছি। চোট নিয়ে নাটক করিনি। চোট সারিয়ে আমরা যোগ্য জবাব দিয়েছি।মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, হাসপাতালে শুয়ে থেকে আর ভোট পাওয়া যাবে না। মানুষ সবটাই বুঝে ফেলেছেন।

