সাথী দাস, পুরুলিয়া, ৮ মে: গত কয়েক মাস ধরে পুরুলিয়া শহরে নলবাহিত জল পরিষেবা অনিয়মিত হচ্ছিল। এবার সমস্যা আরও প্রকট হল। গত ১০ দিন ধরে নলবাহিত জল পরিষেবা বন্ধ হয়ে রয়েছে। প্রতি মাসেই পরিষেবার জন্য জলকর বাবদ বাড়ি পিছু ১০০ টাকা করে নেয় পুরুলিয়া পুরসভা। অথচ, জল পরিষেবা পান না দাতারা। রাস্তার কলগুলিতেও পরিষেবা পান না মহল্লার বাসিন্দারা। তাই শেষ পর্যন্ত পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন বাসিন্দারা। পুরুলিয়া শহরের গাড়িখানা এলাকায় দীর্ঘদিন ধরে জল পাচ্ছেন না বলে অভিযোগ। যদিও চিত্রটা পুরুলিয়া শহরের সব জায়গাতেই একই। পুরুলিয়া পৌরসভার নলবাহিত জল না পাওয়ায় চরম সমস্যায় পড়েছেন স্থানীয়রা। শনিবার এরই প্রতিবাদে বিক্ষোভ দেখান অবরোধকারীরা। এলাকার বাসিন্দারা পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক অবরোধ করে জলের দাবি জানান। রাস্তায় জলের পাত্র রেখে অবরোধে সামিল হন মহিলারা। তাঁদের অভিযোগ,”নল বাহিত জল সরবরাহ দীর্ঘ ১০ দিন ধরে বন্ধ। পুরসভার পক্ষ থেকে কোনও পরিবর্ত ব্যবস্থা নেওয়া হয়নি। নলকূপ, কুয়ো নেই। জলাশয়ে জল নেই। এই অবস্থায় দূরাবস্থার শেষ নেই।”
বিক্ষোভরত মহিলাদের দাবি, “ভোট পর্ব মিটেছে। শাসক বা বিরোধী কোনও দলের বা নির্বাচিত প্রতিনিধিদের আর খোঁজ নেই। এবার আইন হাতে নিয়ে রাস্তা অবরোধ আরও বড় মাপের হবে।”

অবরোধ তুলতে পুলিশ পৌঁছালে তাঁদের সামনে বিক্ষোভে ফেটে পড়েন মহিলারা। পরে পুরসভার পক্ষ থেকে আশ্বাস পেয়ে অবরোধ উঠে যায়। পুরুলিয়া পুরসভার জল বিভাগ সূত্রে জানা গিয়েছে, সাত কিলোমিটার দূরে কাঁসাই নদীর পাড়ে তেলিডি পাম্প হাউস থেকে নলের মাধ্যমে জল সরবরাহ হয়। গত কয়েক বছর ধরে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট নতুন পাইপলাইন, ওভার হেড ট্যাঙ্ক, আন্ডার গ্রাউন্ড ট্যাঙ্কের মাধ্যমে বাড়িতে বাড়িতে পানীয় জল সরবরাহ করছে। নদীর ভূগর্ভস্থ গভীর নলকূপ থেকে জল উত্তোলন হয়। জলস্তর অস্বাভাবিকভাবে নেমে যাওয়ায় সরবরাহ বন্ধ হয়ে যায়। এদিকে পুরসভার সঙ্গে সমন্বয় না থাকার ফলে সমস্যা আরও প্রকট হয়ে দেখা দিয়েছে। পুরসভার পক্ষ থেকে বলা হয়েছে কোটি কোটি টাকার উপযুক্ত পরিকল্পনা না হওয়ায় প্রকল্প মুখ থুবড়ে পড়েছে।
পুরুলিয়া পুরসভার প্রসাশনিক বোর্ডের এক সদস্য বলেন, ” পুরুলিয়া শহরে এই অবস্থার জন্য মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট দায়ী। যদিও পুরসভার পুরানো পরিকাঠামো দিয়েই জোড়াতালি দেওয়ার চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। “

