অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৭ আগস্ট: ঝাড়গ্রাম জেলাকে অগ্রাধিকার দিয়ে নদী ভাঙ্গন রোধ সহ বিভিন্ন কাজ করা হবে। এদিন জেলার বিভিন্ন ব্লকের ভাঙন, নদী বাঁধ, পানীয় জল সহ নানা ইস্যু নিয়ে জেলা শাসক সহ প্রশাসনের বিভিন্ন দফতরের আধিকারিক, বিধায়ক, জেলাপরিষদের সভাপতি, কর্মাধ্যক্ষদের নিয়ে বৈঠক করেন রাজ্য সরকারের জল সম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী মানস ভুঁইঞা, কারিগরী শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী হুমায়ুন কবির, ক্ষুদ্র মাঝারি শিল্প ও বস্ত্র উন্নয়ন প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। বৈঠকের পর এমটাই জানান ডাঃ মানস ভুঁইঞা।

এদিন সার্কিট হাউসে বৈঠকের পর মানসবাবুরা জন প্রতিনিধিদের সাথে নিয়ে গোপীবল্লভপুরে দুই ব্লকের চর্চিতা অঞ্চলের ভামাল এবং চর্চিতা গ্রামের নদী ভাঙ্গন পরিদর্শন করতে যান, গ্রামবাসীদের সাথে কথা বলেন। ভাঙ্গন রোধে প্রয়োজনীয় পদপক্ষে করার আশ্বাস দেন। পরে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের টিকায়েতপুর গ্রামে সুবর্ণরেখা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত। এদিন মন্ত্রী ভাঙ্গন কবলিত এলাকার ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করে ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্রকে দ্রুত ভাঙ্গন প্রতিরোধে স্থানীয় স্তরে পরিকল্পনা তৈরি করে রাজ্যে পাঠানোর পরামর্শ দেন। মন্ত্রী শ্রীকান্ত মাহাত এদিন টিকায়েতপুর গ্রামে সুবর্ণরেখা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে আসার ফলে এলাকার মানুষের মধ্যে আবেগ ছিল চোখে পড়ার মতো। মন্ত্রীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন নয়াগ্ৰাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা, ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র, পঞ্চায়েত সমিতির সদস্য হেমন্ত ঘোষ, সত্যরঞ্জন বারিক, সমাজসেবী লোকেশ কর প্রমুখ।


