ভবানীপুরে শ্রমিক আবাসনে জলে বিষক্রিয়া, মৃত ১, অসুস্থ বহু

রাজেন রায়, কলকাতা, ১৫ মার্চ: খোদ মুখ্যমন্ত্রীর এলাকায় মারাত্মক অভিযোগ। কলকাতা পুরসভার ভবানীপুর এলাকার ৭৩ নম্বর ওয়ার্ডে পানীয় জলে বিষক্রিয়া। মৃত্যু হল একজনের, অসুস্থ বেশ কয়েকজন। ৭ থেকে ৮ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

পুরসভার শ্রমিক আবাসনে এই ঘটনা ঘটায় অভিযোগের আঙুল উঠেছে সরাসরি পুরভবনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে। সোমবার দুপুরে স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটর রতন মালাকার ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানিয়েছেন,”অনিচ্ছাকৃত ভাবে পানীয় জলের লাইনের সঙ্গে নিকাশি নালার সংযোগ ঘটে যাওয়ায় জলে বিষক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে যিনি মারা গিয়েছেন, তাঁর আগে থেকেই সিরোসিস অফ লিভার ছিল। পরে জলের বিষক্রিয়ার প্রভাবে মৃত্যু ত্বরান্বিত হয়েছে।”

একইসঙ্গে তিনি জানিয়েছেন, আরও ৬০ থেকে ৭০ জন সংক্রমিত হলেও তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়নি। পুরসভার তরফে প্রতি বাড়ি বাড়ি বিশুদ্ধ জলের পাশাপাশি ওআরএস দেওয়া হচ্ছে। ঘটনা নিয়ে পানীয় জল সরবরাহ ও স্বাস্থ্যবিভাগের কাছে দ্রুত রিপোর্ট চেয়েছেন পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি ওয়ার্ড কো-অর্ডিনেটর রতন মালাকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর কথায়, ”ওঁর আরও আগে বিষয়টি নিয়ে খোঁজ রাখা উচিত ছিল।আমাদেরও জানানো উচিত ছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *