জলপথে হালিশহর থেকে গঙ্গাসাগর, চালু হল ওয়াটার বাস পরিষেবা

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২১ অক্টোবর: উত্তর ২৪ পরগনার হালিশহরের ডানলপ গঙ্গারঘাট থেকে রাজ্য সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে দুর্গাপূজার মুখে সূচনা হল ওয়াটার বাস পরিষেবা। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ১৬৬ সিটের ওয়াটার বাসটি প্রত্যেকদিন সকাল ৯ টায় হালিশহরের ডানলপ ঘাট থেকে ছাড়বে। এই ওয়াটার বাসটি যাবে গঙ্গা সাগর পর্যন্ত। জন প্রতি ভাড়া মাত্র ২৩০ টাকা।

হালিশহর থেকে ছেড়ে এই ওয়াটার বাসটি যাবে চন্দননগর, মিলেনিয়াম পার্ক হয়ে গঙ্গাসাগর পর্যন্ত। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই ওয়াটার বাস পরিষেবা হালিশহর গঙ্গাবক্ষ থেকে চালু হওয়ায় উপকৃত হবেন হালিশহর সংলগ্ন নৈহাটি, কাঁচড়াপাড়া, কল্যাণী, ভাটপাড়া এলাকার বাসিন্দারা। খুব সহজে জলপথে প্রত্যেকদিন নিত্য যাত্রীরা পৌঁছে যেতে পারবেন কলকাতা বা গঙ্গা সাগরে। ভিড় এড়িয়ে নিত্য যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছে যাবে।

হালিশহর পুরসভার পৌর প্রশাসক রাজু সাহানি এই প্রসঙ্গে বলেন, “প্রত্যেকদিন এলাকার বাসিন্দারা শীতাতপ নিয়ন্ত্রিত এই ওয়াটার বাসে করে কলকাতায় পৌঁছতে পারবে। রাজ্য সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে চালু করা হল এই ওয়াটার বাস। এলাকার বাসিন্দারা খুব খুশি নতুন এই পরিবহন ব্যবস্থা চালু হওয়ায়।” এদিন নৈহাটি বিধানসভার বিধায়ক পার্থ ভৌমিক ফিতে কেটে এই ওয়াটার বাস পরিষেবার সূচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *