আমাদের ভারত, হাওড়া, ৯ জুলাই: প্রতিদিন বিভিন্ন কাজে উলুবেড়িয়া পুরসভায় এবং মাতৃ সদনে আসা সাধারণ মানুষের জন্য পরিশ্রুত পানীয় জলের এটিএম মেশিন বসল পুরসভা চত্বরে। উলুবেড়িয়া চেম্বার অফ কমার্সের উদ্যোগে বসানো এই এটিএম মেশিনের শুক্রবার উদ্বোধন করেন উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া চেম্বার অফ কমার্সের সভাপতি তমাল ঘোষাল, সাধারণ সম্পাদক প্রবীর রায়।
উলুবেড়িয়া চেম্বার অফ কমার্স সূত্রে খবর, এই এটিএম মেশিন থেকে সাধারণ মানুষ ২ টাকার বিনিময়ে ৬০০ মিলিলিটার এবং ৫ টাকার বিনিময়ে ২ লিটার পানীয় জল সংগ্রহ করতে পারবেন।
উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস জানান, পুরসভা চত্বরে এই মেশিন বসানোর ফলে অনেক মানুষ উপকৃত হবেন। তিনি জানান, উলুবেড়িয়া চেম্বার অফ কমার্সের কাছে উলুবেড়িয়া পুরসভার পাশাপাশি পুর এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় এই ধরনের পানীয় জলের এটিএম মেশিন বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

