Chit Fund, চিটফান্ডে ক্ষতিগ্রস্তদের নিয়ে ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি

আমাদের ভারত, ১৩ ফেব্রুয়ারি: ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে ধারাবাহিক গণআইন অমান্য করার সিদ্ধান্ত নিল চিটফান্ড ভুক্তভোগীদের কল্যাণ সংস্থা ‘অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’। এই সঙ্গে আগামী মার্চ মাসের প্রথম ধাপে কলকাতায় জনশুনানি করবে তারা। জেলায় জেলায় করবে ধর্না, অবস্থান।

শুক্রবার সংগঠনের রাজ্য সভাপতি রূপম চৌধুরী জানান, “রোজ ভ্যালি সংস্থার টাকা ফেরতের জন্য এ ডি সি কমিটি ও সেবির টাকা বিলি ও হিসেব নিয়ে গত একবছর ধরে এক রহস্যময় ঘটনা ঘটে চলেছে। কোটি কোটি টাকার লেনদেন নিয়ে প্রশ্ন ওঠায়, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হওয়ায়, হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও মাননীয় বিচারপতি উদয়কুমারের ডিভিশন বেঞ্চকে মামলার গুরুত্ব উপলব্ধি করে ও বিবেচনার ভিত্তিতে ভূমিকা নিতে বলা হয়েছে।

হাইকোর্ট ‘Serious Fraud Investigation Office’ (SFIO)এ ডি সি কমিটির অ্যাকাউন্ট গুলোর ফরেনসিক অডিট রিপোর্ট দিতে বলেছিল। আজ পর্যন্ত SFIO রিপোর্ট দিতে পারেননি। তারা আরো একমাস সময় চেয়েছে। ‘রোজ ভ্যালি’-র টাকা বিলিতে সমস্যা সৃষ্টি হতে পারে।

২০২৪- এর ৪ঠা অক্টোবর থেকে টাকা বিলি অত্যন্ত ধীর গতিতে চলছে। প্রয়োজনের তুলনায় খুব অল্প পরিমাণে টাকা এক একটি ধাপে বরাদ্দ করা হচ্ছে। আমাদের সংগঠন ইতিপূর্বে ভালো পরিমাণে টাকা বরাদ্দ করে লাখ লাখ ক্ষতিগ্রস্ত মানুষদের টাকা দ্রুত ফেরতের দাবি জানিয়ে আসছে।

এই বিষয়ে দেশের সরকারের কর্পোরেট বিভাগের ভূমিকা অত্যন্ত রহস্যময়। আমাদের সংগঠনের দাবি, দ্রুত যুদ্ধকালীন গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হোক।

এখানে উল্লেখ করা দরকার, দেশের স্বাধীনতা অর্জনের ৬৬ বছর পর ২০১৩ সালে দেশের মানুষের সামনে এলো সর্ববৃহৎ আর্থিক কেলেঙ্কারি চিটফান্ডের ঘটনা। মূলত ১৯৯০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত এই রাজ্যে ৫ কোটি মানুষের কাছ থেকে ৪ লাখ কোটি টাকা, দেশের বাকি অংশে ৩০ কোটি মানুষের কাছ থেকে ৩ লাখ কোটি টাকা লুঠ হয়েছে।

দেশের সরকার ও রাজ্য সরকারগুলো বালিতে মুখ গুঁজে থেকেছেন। সুপ্রিম কোর্ট ও পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যের হাইকোর্টে চলা মামলায় এই তথ্য প্রমাণিত, সরকারের ক্ষমতায় আসীন দেশের ও রাজ্যে রাজ্যে সকল দলের বৃহৎ অংশ কমবেশি এই কেলেঙ্কারির সাথে যুক্ত। আমাদের সংগঠন বিগত ১২ বছর ধরে টাকা ফেরতের জন্য রাজপথে ও আইনি লড়াই লড়ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *