আমাদের ভারত, দিঘা, ১২ জুলাই: কোভিডের এই পর্যায়ে পর্যটন ক্ষেত্রে যাওয়ার ছাড়পত্র মিললেও আজ থেকে কিছু বিধিনিষেধ আরোপ করল পূর্ব মেদিনীপুর প্রশাসন। এবার থেকে দিঘা, মন্দারমণি, তাজপুর, শংকরপুর সহ পূর্ব মেদিনীপুরের অন্যান্য পর্যটনক্ষেত্র গুলিতে থাকতে গেলে থাকতে হবে কোভিড নেগেটিভ রিপোর্ট বা ডবল ভাকসিনেসনের সার্টিফিকেট। এগুলো না থাকলে কোনও পর্যটককে হোটেল, লজ বা কটেজে থাকতে দেওয়া হবে না। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফ থেকে আজ থেকে জারি হল এই নির্দেশিকা। সেই সঙ্গে মেনে চলতে হবে রাজ্য সরকারের কোভিড বিধি।

প্রসঙ্গত, ধীরে ধীরে করোনা সংক্রমণের পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোনোর সাথে সাথে রাজ্য সরকার থেকে হোটেল খোলার নির্দেশের পরেই প্রত্যেকদিন পর্যটকদের ঢল নেমেছে দিঘায়। পূর্ব মেদিনীপুর জেলায় এখনও করোনার সংক্রমণ যথেষ্টই আছে। গতকাল রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত বুলেটিনে যে তথ্য পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে কলকাতার থেকে পূর্ব মেদিনীপুর জেলায় আক্রান্তের সংখ্য বেশি। পর্যটন কেন্দ্রগুলো থেকে যাতে সংক্রমণ না ছড়ায় তাই করোনা মোকাবিলায় এবার পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম পর্যটন কেন্দ্র গুলির ক্ষেত্রে এই নিয়ম চালু করল জেলা প্রশাসন। এই ব্যাপারে পর্যটন কেন্দ্রগুলোতে মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়েছে প্রশাসনের তরফ থেকে।

