মিলন খামারিয়া
আমাদের ভারত, বাঁকুড়া, ১৫ মে:
বাঁকুড়া জেলার ব্লক ২-এর সানবাঁধা পঞ্চায়েতের বাগানপুকুর গ্রামে দুঃস্থ মানুষদের খাদ্য ও ওষুধ সামগ্রী দিয়ে সাহায্য করল দুটি স্বেচ্ছাসেবী সংগঠন।সাংস্কৃতিক সংগঠন ‘ভয়েজ অফ হিন্দুস্থান’ ও ‘বেঙ্গল হিন্দু ন্যাশনালিস্ট গ্রুপ’-এর সদস্যরা এবং বেশকিছু জাতীয়তাবাদী মানুষজন এই সাহায্যের হাত বাড়িয়ে দেন।
এই গ্রামের মানুষ অভুক্ত অবস্থায় আছেন, সংবাদপত্র মারফত একথা জানতে পেরে এই দুই সংগঠনের সদস্যরা ঠিক করেন যে তারা এই গ্রামের মানুষদের জন্য খাদ্যের ব্যবস্থা করবেন। সেইমত গতকাল রবিবার ৬০ টি পরিবারের প্রায় ২০০ জন সদস্যকে সাহায্য করা হয়। প্রতিটি পরিবারকে ১ লিটার সরষের তেল, ১ কেজি মুসুর ডাল, ২ কেজি সোয়াবিন, ২ কেজি ছাতু, ১০ কেজি চাল, ৪ কেজি আলু, প্রয়োজনীয় ওষুধ এবং বাচ্চাদের জন্য বেবি ফুডের প্যাকেট দেওয়া হয়। এছাড়া বাচ্চাদের ক্যাডবেরি ও লজেন্স দেওয়া হয়।

এই কর্মসূচি সম্পর্কে ‘ভয়েজ অফ হিন্দুস্থান’-এর সভাপতি সুমন কুমার দত্ত বলেন, “সংবাদপত্র মারফত আমরা এই গ্রামের দুঃস্থ মানুষদের কথা জানতে পেরে সাহায্য করার সিদ্ধান্ত নিই। জনসাধারণের কাছে আর্থিক সাহায্য চাওয়াতে অনেকেই দান করেছেন এই কাজে। বিশেষ করে ‘দেশের মাটি কল্যাণ মন্দির’-এর সদস্যরা সাহায্য করেছেন। সকলের সার্বিক সহযোগিতায় আমরা দুঃস্থ মানুষের হাতে অল্প খাদ্য ও ওষুধ সামগ্রী তুলে দিতে পেরেছি। বিশেষ করে সায়ন পাল, সাগ্নিক সেনগুপ্ত, উৎপল সরকার, সৌভিক কুণ্ডু, সৌমিক হোতা, সোমনাথ দাস, ময়ূখ দেবনাথ, তুষার পাত্র, সন্দীপ মুখার্জি, অরিন্দম নাথ ও আরও অনেকে – এই কাজকে বাস্তবায়িত করেছেন। আগামী দিনে এইভাবেই আমরা মানুষের জন্য কাজ করে যেতে চাই।”

‘বেঙ্গল হিন্দু ন্যাশনালিস্ট গ্রুপ’-এর সদস্য অনিকেত দত্ত বলেন, “দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে পেরেছি, এটা আমাদের পরম সৌভাগ্য।”

