জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৭ মার্চ: দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। জঙ্গলমহলের নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম ও বিনপুর কেন্দ্রের কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিন নির্দিষ্ট সময়ে জেলাজুড়ে ভোটগ্রহণ শুরু হয়। ঝাড়গ্রাম কেন্দ্রের ঝাড়গ্রাম শহরের প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ কেন্দ্রের ইভিএম মেশিন খারাপ থাকায় ভোট গ্রহণ করতে কিছুটা দেরি হয়। এ দিন সকাল সকাল ভোট দেন বিজেপি প্রার্থী সুখময় সৎপথি। লালগড়ে ১০ বছর পর সপরিবারে লাইন দিয়ে ভোট দিতে দেখা যায় ছত্রধর মাহাতোকে। এদিন পুরাতন ঝাড়গ্রামের দুটি বুথে লাইন দেওয়াকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ভোটারদের বচসা হয়। অভিযোগ পুলিশ এই সময় মৃদু লাঠিচার্জ করে।
বিনপুর বিধানসভা কেন্দ্রের দুটি ব্লক জামবনি এবং বেলপাহাড়িতে ভোট হয়েছে শান্তিপূর্ণ। সকালে জামবনির বাগঘোরিতে বিজেপি প্রার্থী পালান সরেনের গাড়ির সঙ্গে একটি পুলিশের গাড়ির সংঘর্ষ হয়। ঘটনায় এক পুলিশ আধিকারিক ও একজন সেক্টর অফিসার আহত হন। বেলপাহাড়ির সন্দা পাড়া বুথে আলোর অভাবে ইভিএম মেশিন দেখতে অসুবিধা হচ্ছিল বলে অভিযোগ করেন কয়েকজন ভোটার। মাওবাদী অধ্যুষিত বাঁশপাহাড়ি, ভুলাভেদা, শিমুলপাল ও ভেলাইডিহা অঞ্চলেও এবার কোনও রকম গন্ডগোলের খবর নেই। নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রের গোপীবল্লভপুরের এক নম্বর বুথে বুথজাম করার অভিযোগ উঠলে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী নিয়ে পৌঁছান এসডিপিও। ভোটারদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি সামাল দেন তিনি। এদিন সকাল সকাল তার চামারবাঁধ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের বুথে ভোট দেন তৃণমূল প্রার্থী দুলাল মুর্মু। গোপীবল্লভপুরে শিব মন্দিরে পুজো দিয়ে তার কুলিয়ানা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ১১৮ নম্বর বুথে ভোট দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

পশ্চিম মেদিনীপুর-
পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি বুথে সিপিএমের এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে সেখানকার সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ সেই সমস্ত এলাকায় গেলে তাকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখায় এবং তার গাড়ি ভাঙ্গচুর করে বলে অভিযোগ করেছেন সুশান্ত ঘোষ। ভোটের দিন সকালে কেশিয়াড়িতে মঙ্গল সরেন নামে এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সকালে বাড়ির উঠোন থেকে ওই বিজেপি কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। তাকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ওই বিজেপি কর্মী বুথ এজেন্ট ছিলেন। ভোট দিতে আসার আগে এক তৃণমূল কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, বিজেপি কর্মী পার্থপ্রতিম পাল তৃণমূল কর্মী গৌরব সিনহা রায়কে মেরে মাথা ফাটিয়ে দেয়। আহত অবস্থায় গৌরবকে মেদিনীপুর মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনায় মেদিনীপুরের চার্চ স্কুলের বুথের বাইরে উত্তেজনা ছড়ায়।
পূর্ব মেদিনীপুর-
কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া পূর্ব মেদিনীপুর জেলাতেও ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে এদিন সকালে উত্তর কাঁথির মারিশদা কুসুমকুমারী প্রাথমিক বিদ্যালয় ১২১ নং বুথে মকপোল করার সময় ইভিএম খারাপ দেখা দেয়।
দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের মার্জনা প্রাথমিক বিদ্যালয়ের বুথে ইভিএম মেশিনে কারচুপির অভিযোগ তোলেন ভোটারা। সব ভোট বিজেপিতেই পড়ছে অভিযোগ তুলে তারা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন।
খেজুরি বিধানসভার গোরাহার জালপাই প্রাথমিক বিদ্যালয় ১৮৫ ভোট কেন্দ্রের ১০০ মিটার মধ্যে বিজেপির লোকেরা বুথ জ্যাম করেছে বলে সেখানকার তৃণমূল প্রার্থীর অভিযোগ। খেজুরী বিধানসভা কেন্দ্রের কামদেবনগর ১৩৩ নম্বর বুথ এলাকায় তৃণমূলের লোকজন সধারণ ভোটারদের উপর আক্রমণ করে অথচ পুলিশ সামনে দাঁড়িয়ে ঘটনা দেখেছে বলে অভিযোগ। ভগবানপুর, কাজলাগড় এলাকায় ৬৬ ও ৬৭ নম্বর বুথ এলাকায় গন্ডগোলের আঁচ পেয়ে পুলিশের টহলদারি বাড়ানো হয়। এগরা ঝাটুলাল হাইস্কুলের ৭ নম্বর ওয়ার্ডে ২৯/এ ভোটিং মেশিন খারাপ থাকায় ঘন্টাখানেক ভোটাররা লাইনে দাঁড়িয়ে থাকেন।।
এগরা পৌরসভার ১২, ৯, ৭ নং ওয়ার্ডেও ভোটিং মেশিন বিভ্রাটের কারণে ভোট দান কিছুটা ব্যাহত হয়।
ভগবানপুর বিধানসভার ২৭৯ এবং ২৮০ নং বুথ এলাকায় রাস্তায় তৃণমূলের বাহিনীর তান্ডব চালানোর অভিযোগ ওঠে। ভোট দানের ক্ষেত্রে রাস্তায় ভোটারদের বাধা দেয় বলে অভিযোগ। পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। রামনগর বিধানসভার ২২২ নম্বর বুথ দক্ষিণ তেঁতুলতলা অঞ্চলে বিজেপি প্রার্থী স্বদেশ রঞ্জন নায়েকের ওপর হামলা চালানোর অভিযোগ উঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর গাড়ি ভাঙ্গচুর করার অভিযোগ ওঠে। কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কুমার দাসের নির্বাচনী এজেন্ট সৌমেন্দু। অভিযোগের তির তৃণমূল নেতা রাম গোবিন্দ দাসের বিরুদ্ধে। পাল্টা রাম গোবিন্দ দাস বলছেন সৌমেন্দু বহিরাগতদের নিয়ে এসেছিল।

