“নিজের ইচ্ছেতে নির্ভয়ে ভোট দিন, আমরা আছি,” জলপাইগুড়ির ভোটারদের আশ্বস্ত করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৪ জুন: “নিজের ইচ্ছেতে নির্ভয়ে ভোট দিন, আমরা আছি,” পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে জলপাইগুড়ির ভোটারদের ঠিক এভাবেই আশ্বস্ত করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শনিবার জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় কোতোয়ালি থানায় আইসি অর্ঘ্য সরকারের উপস্থিতিতে চলে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভোটারদের হিন্দিতে আশ্বস্ত করছেন। অন্যদিকে আইসি বাংলায় গ্রামের সাধারণ মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস দিচ্ছেন।

শুক্রবার জলপাইগুড়ি সদর ব্লকের রানিনগরের পঞ্চায়েত দফতরের প্রশিক্ষণ কেন্দ্রে এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এসে পৌঁছোয়। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধাপে ধাপে আরও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আসবে। এ দিন বিকেলে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালা পাড়া, জমিদার পাড়া, পাহাড়পুর, চৌরঙ্গী, অন্যদিকে বারোপাটিয়া নতুন বস গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় চলল কেন্দ্রীয় বাহিনী টহল। বাজার এলাকায় ও লোকালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দাঁড়িয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন। সকল ভোটারকে বোঝানো হচ্ছে আমরা আছি, আপনারা নিশ্চিন্তে ভোট দিন। শুধু তাই নয়, কেউ ঝামেলা করলে কিংবা কেউ ভোট দিতে বাধা দিলে সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ও থানায় যোগাযোগ করলে মুহূর্তের মধ্যে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাবে এমনটাই জানান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টহল দিতে শুরু করায় খুশি গ্রামবাসীরা।

কেন্দ্রীয় বাহিনীর অফিসারদের সামনে পেয়ে অনেকেই গত ২০১৮ সালের পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ক্ষোভ উগড়ে দিলেন। এক ভোটার উৎপল সরকার বলেন, “গতবার ভোট দিতে পারিনি। এবছর কেন্দ্রীয় বাহিনী আসায় আমরা খুশি।” আরও ভোটার কাকু বসাক ও সন্তোষ কুমার রায়রা বলেন, “কেন্দ্রীয় বাহিনী আসায় সকলে খুশি। এখন আর ঝামেলা হবে না ভোটে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *