ষষ্ঠ দফার ভোটে নদিয়ার ৯টি বিধানসভার ৬৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন মোট ২১ লক্ষ ৯০ হাজার ৫৩৯ জন ভোটার

আমাদের ভারত, নদিয়া, ২১ এপ্রিল: আগামীকাল ষষ্ঠ দফার ভোটে নদিয়ার ৯টি বিধানসভার ৬৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন মোট ২১ লক্ষ ৯০ হাজার ৫৩৯ জন ভোটার। জেলার মোট বুথের সংখ্যা ৩ হাজার ৭২টি। মূল বুথ রয়েছে ২ হাজার ৩৫০টি আর সাহায্যকারী বুথের সংখ্যা ৭২২টি। স্পর্শকাতর বুথের সংখ্যা ৯৮০টি। ১৯৩টি সেক্টরে করা হয়েছে এই বুথ। মোট ৪৭৩ টি বুথের ভোটগ্রহণ পর্ব পরিচালনা করবেন মহিলা ভোটকর্মীরা। তারমধ্যে মডেল বুথ থাকছে ১৩টি।

জেলাশাসক পার্থ ঘোষ জানিয়েছেন, ‘প্রতিটি বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। সেইসঙ্গে থাকছে ওয়েব কাস্টিং, মাইক্রো অবজারভার, সিসিটিভি, ভিডিও ক্যামেরার ব্যবস্থা।নির্বাচন কমিশনের নির্দেশ মেনে ৫০ শতাংশের বেশি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। ৯টি বিধানসভা কেন্দ্রে ৪৮৬টি বুথে মাইক্রো অবজারভার, ১হাজার ৫৬৬টি বুথে ওয়েব কাস্টিং, ৬২৩টি বুথে সিসিটিভি এবং ৩৯০টি বুথে থাকছে ভিডিও ক্যামেরা। স্পর্শকাতর ৯৮০ টি বুথের মধ্যে ৮২৪টিতে ওয়েব কাস্টিং, ১৪৫ টি বুথে মাইক্রো অবজারভার, ১১টি বুথে থাকবে সিসিটিভি। জেলার কন্ট্রোলরুম থেকে করা হবে মনিটরিং। প্রতিটি বুথের ২০০ মিটারের মধ্যে জারি করা হচ্ছে ১৪৪ ধারা। প্রতিটি বুথে করোনা বিধি মানার ওপরে দেওয়া হচ্ছে বিশেষ জোর।প্রতি ভোটারকে অবশ্যই মাস্ক পড়ে বুথে যেতে হবে। থাকছে থার্মাল স্ক্যানার, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভসের ব্যবস্থা। এছাড়া যাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ধরা পড়বে, তারা বিকেল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে এসে ভোট দিতে পারবেন। ভোটগ্রহণ পর্বকে শান্তিপূর্ণ রাখতে কেন্দ্র ও রাজ্য পুলিশের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার বিশ্বজিৎ ঘোষ জানিয়েছেন, প্রতি বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী। একটি বুথে ৪ জন, দুই থেকে চারটি বুথে ৮ জন, পাঁচ থেকে আটটি বুথে থাকবে ১২ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।১৫৯টি কুইক রেসপন্স টিম কাজ করবে। যে এলাকাগুলি গন্ডগোলপ্রবণ এলাকা বলে চিহ্নিত, সেই এলাকাগুলির দিকে রাজ্য পুলিশের থাকবে কড়া নজরদারি। সব মিলিয়ে প্রায় ৫ হাজার রাজ্য পুলিশ থাকছে। ভোটগ্রহণ পর্বকে শান্তিপূর্ণ রাখতে পুলিশ প্রশাসন প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *