স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৩ মে:
ভয়াবহ অতিমারি করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে দুঃস্থ করোনা আক্রান্তদের সাহায্যার্থে বিনামূল্যে রেশন সামগ্রী বিতরণ স্বেচ্ছাসেবী সংস্থা “অগ্রগামী”র। এই সঙ্কটময় পরিস্থিতিতে করোনা আক্রান্ত দুঃস্থ মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রায়গঞ্জের অগ্রগামী স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। করোনা দুর্যোগে রেশন সামগ্রী দিয়ে সেই অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন তাঁরা। করোনা আক্রান্ত বহু মানুষ টেলিফোনের মাধ্যমে ওষুধপত্র সংগ্রহ করতে পারলেও যারা ওষুধ কিনতে সমর্থ নন, এই দুঃসময়ে তাদের বিনামূল্যে ওষুধও সরবরাহ করছেন অগ্রগামীর সদস্যরা।

মহামারীর এই কঠিন পরিস্থিতিতে আমাদের সকলের উচিৎ- প্রতিবেশীদের বিশেষ করে যারা অসমর্থ, তাদের পাশে দাঁড়ানো, সমাজে এই বার্তা ছড়িয়ে দিতেই তাঁদের এই উদ্যোগ বলে জানিয়েছেন অগ্রগামী স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। করোনা আক্রান্ত অসমর্থ মানুষদের ওষুধ কিনে দেওয়ার পাশাপাশি কোভিড আক্রান্ত, দিন আনে দিন খাওয়া মানুষদের যথাসাধ্য রেশন সামগ্রী দিয়ে সাহায্য করছেন তারা। মূলত ওষুধের চাহিদাই বেশি থাকলেও প্রতিদিন দুটো-তিনটে বাড়িতে লোকসংখ্যা অনুযায়ী বিনামূল্যে রেশন সামগ্রী পৌঁছে দিচ্ছেন অগ্রগামীর সদস্যরা। রেশন সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ৫ কেজি আটা, ১ কেজি করে চিনি ও মুসুরির ডাল, ১৫টি ডিম, তেল, সয়াবিন, আলু। এছাড়া কিছু শুকনো খাবারও রয়েছে। এদিন অসহায় প্রতিবেশীদের সাধ্যমতো সাহায্য করা যে সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে তা মনে করিয়ে দেন অগ্রগামী স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।

