আমাদের ভারত, মালদা, ২৫ ফেব্রুয়ারি: ডাক্তারি পড়তে গিয়ে ইউক্রেনে আটকে পড়েছে মালদা শহরের কুতুবপুরের পড়ুয়া বিবেক চন্দ্র দে। খারকিভ ইউনিভার্সিটির ছাত্র বিবেক। সে মালদা থেকে ২০২১ সালের এপ্রিল মাসে যায় ইউক্রেনে। চলতি বছরের মার্চ মাসে তার ফিরে আসার কথা ছিল।
বর্তমানে ইউক্রেনে চলছে ভয়াবহ পরিস্থিতি। রাশিয়া ইউক্রেনের উপর লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে। আর এই পরিস্থিতিতে ইউক্রেনে আটকে পড়েছে বিভিন্ন দেশের পড়ুয়ারা। তাদের মধ্যে রয়েছে মালদার বিবেক। তার সাথে রয়েছে আরও বেশ কিছু ছাত্র। ইউক্রেনের খারকিভ শহরের একটি ফ্ল্যাটে বর্তমানে তারা আশ্রয় নিয়েছে। সেখান থেকে বিবেক সহ তার সহপাঠীদর বলা হয়েছে সাইরেন শুনলে তারা যেন হোস্টেলের বেসমেন্টে চলে যায়। মাঝে মাঝে ভিডিও কলে কথা হচ্ছে পরিবারের লোকজনদের সঙ্গে। উদ্বেগে রয়েছে তার পরিবার। ভারতীয় দূতাবাসের সঙ্গে তারা যোগাযোগ করেছে। মূল যুদ্ধক্ষেত্র ক্রিব শহর থেকে প্রায় ছয় ঘন্টা লাগে খারকিভ শহরে যেতে।
এখন কিভাবে বিবেক দেশে ফিরবে তাই নিয়ে চিন্তায় রয়েছে তার পরিবার। বাবা বিশ্বনাথ দে ও মা দেবযানী চান তাদের সন্তানকে যাতে ফিরিয়ে নিয়ে আসা হয় দেশে।

