রূপকথার দেশে পৌঁছতে রামপুরহাটের নবীন ক্লাব যেতেই হবে দর্শনার্থীদের

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ৩০ সেপ্টেম্বর: করোনা অতিমারির কারণে পুজোর আনন্দ ম্লান করেছিল বাঙালীর মন। মৃত্যুর মিছিলে আতঙ্কিত মানুষজন শুধুমাত্র বেঁচে থাকার লড়াই চালিয়ে গিয়েছেন। সেই বিভীষিকা কাটিয়ে মানুষকে এবার স্বপ্নের দেশে নিয়ে যাবে বীরভূমের রামপুরহাটের নবীন ক্লাব। মণ্ডপে ঢুকলেই রূপকথার দেশে পাড়ি দেবেন আপনি। ফলে একটিবারের জন্য আপনাকে স্বপ্নের দেশে যেতেই হবে।

নবীন ক্লাব মানেই নতুন নতুন ভাবনা। করোনা অতিমারির কারণে দু’বছর মানুষ গৃহবন্দি হয়ে পড়েছিলেন। ফলে ইচ্ছে থাকলেও নতুন ভাবনার মণ্ডপে যেতে পারেননি। এখন অনেকটা স্বাভাবিক হয়েছে করোনা। তাই এবার দর্শনার্থীদের স্বপ্নের দেশে নিয়ে যেতে থিম গড়েছে নবীন ক্লাব। পুজো মণ্ডপে ঢুকলেই মনে হবে সাদা মেঘের কোলে রূপকথার দেশ। যেখানে পরীদের বাস। নানান রং- বেরঙের পাখি উড়ে বেড়াচ্ছে চারিদিকে। মেদিনীপুরের শিল্পী মনোজিৎ ও সুবীর মাইতিরা দিনরাত এক করে বানিয়ে ফেলেছেন স্বপ্নের দেশ। প্রতিমাতেও রয়েছে অভিনবত্ব। অসুর বধ নয়, মা দুর্গার পা ধরে জীবন ভিক্ষা চাইছেন মানুষ রূপী অসুর।

ক্লাবের কর্তা উজ্জ্বল ধীবর বলেন, “আমরা প্রতিবছর নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার আমরা দর্শনার্থীদের স্বপ্নের দেশে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। মণ্ডপে কোথাও প্লাস্টিক কিংবা থার্মকলের ব্যবহার করা হয়নি। সেই সঙ্গে পরিবেশ বন্ধব গড়ে তুলতে গাছ লাগানোর উপর জোর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আমরা শহরে গাছ বিলি করে মানুষকে সচেতনতার বার্তা দিয়েছি। মণ্ডপে অশ্বত্থ গাছ লাগিয়ে জল ঢেলে পুজোর উদ্বোধন করা হয়েছে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *