আমাদের ভারত, কলকাতা, ২১ সেপ্টেম্বর: ব্রাহ্মণদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায় অরিত্র সানা নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিশ্ব হিন্দু পরিষদ নেতা সৌরিশ মুখার্জি। তিনি লালবাজার সাইবার ক্রাইমে অরিত্র সানা নামে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। সমাজের একটি সম্প্রদায়ের প্রতি প্রতিহিংসা সৃষ্টি এবং জাতি হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ এনেছেন।

ফেসবুকে কয়েকটি পোস্ট নিয়ে এই অভিযোগ দায়ের করেছেন বিশ্ব হিন্দু পরিষদের প্রচার প্রমূখ সৌরিশ মুখার্জি। সেই পোস্টে একজন ব্রাহ্মণকে একটি রাক্ষস হিসেবে দেখানো হয়েছে, যার বড় জিভ বেড়িয়ে রয়েছে এবং বিশাল টিকি, আর তার পায়ের নিচে রয়েছে শাস্ত্র। উপরে লেখা হয়েছে ব্রাহ্মণ একটি পরজীবী রাক্ষসের নাম। সৌরিশবাবু জানান প্রথমে এই পোস্টটি করা হলেও পরবর্তীকালে অরিত্র সানা নামের ওই ব্যক্তি সেই পোষ্টের ক্যাপশন পাল্টে দেন। তিনি পরে ব্রাহ্মণ শব্দটি বাদ দিয়ে লেখেন, ব্রাহ্মণ্যবাদ = পরজীবী। ছবি অবশ্য একই রয়েছে।

সৌরিশবাবুর অভিযোগ, একে তো ব্রাহ্মণকে ছোট করে দেখানো হচ্ছে তারওপর হিন্দু ধর্মের শাস্ত্রগ্রন্থ সেই ব্রাহ্মণ রূপী রাক্ষসের পায়ের তলায় রেখে হিন্দু শাস্ত্রের অবমাননা করা হয়েছে। লালবাজার সাইবার ক্রাইমে তিনি অভিযোগ করেছেন, ব্রাহ্মণকে রাক্ষস সাজিয়ে এইরকম কুরুচিকর ছবি পোস্ট করে একটা সম্প্রদায়কে অসম্মান করা হচ্ছে, সমাজে জাতি হিংসায় উস্কানি দেওয়া হচ্ছে। তিনি আবেদন করেছেন, ভবিষ্যতে যাতে এরকম আর কেউ ব্রাহ্মণদের সম্পর্কের ঘৃণা ছড়াতে না পারে এবং সমাজে বিভেদ সৃষ্টির জন্য উস্কানি দিতে না পারে তার ব্যবস্থা করার। এই রকম কুরুচিকর পোস্ট করায় তিনি অরিত্র সানার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সৌরিশবাবু মেইল করে সাইবার ক্রাইমে এই অভিযোগ জানিয়েছেন।

