VHP, Mamata, ১২টা বাজিয়ে দেওয়ার মন্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর বিশ্ব হিন্দু পরিষদের

আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ১১ মার্চ: ‘এক সেকেন্ডে ১২টা বাজিয়ে দেবে’। ধর্মতলার ধর্না মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্যে ক্ষুব্ধ বিশ্ব হিন্দু পরিষদ। ইতিমধ্যেই ই-মেইল- এর মাধ্যমে বীরভূমের রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব ক্ষেত্রের সম্পাদক অমিয় কুমার সরকার। এনিয়ে কলকাতা হাইকোর্টেও মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, এস আই আর- এর প্রতিবাদে কলকাতার ধর্মতলায় ধর্না মঞ্চে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচদিন ধরে চলা ওই ধর্না মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা আছি বলে আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি, কোনদিন সেই সময় আসে, এক সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে এক সেকেন্ডে দেবে, একদম ১২টা বাজিয়ে দেবে।” মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ঘৃণ্য এবং বিভ্রান্তিকর বলে দাবি বিশ্ব হিন্দু পরিষদের। এই মন্তব্য সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করবে বলে মনে করছে বিশ্ব হিন্দু পরিষদ।

অমিয়বাবু বলেন, “এই মন্তব্য একটি সংখ্যালঘু সম্প্রদায়কে ভয়ঙ্কর বা সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে চিহ্নিত করতে পারে। ভোটের আগে এই মন্তব্য সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিভেদ এবং উত্তেজনা সৃষ্টি করছে। এর ফলে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জনশক্তির জন্য ক্ষতিকর। জেহাদিদের উৎসাহিত করবে এই মন্তব্য। রাজ্যে দাঙ্গা সৃষ্টি করার পক্ষে এই মন্তব্য যথেষ্ট। এর ফলে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। এই মন্তব্য চরমতম অপরাধ। এই মন্তব্যের পর এক সম্প্রদায়ের দুষ্কৃতীরা মাথাচাড়া দেবে। তাই দায়িত্বজ্ঞানহীন ওই মন্তব্যের জন্য তৃণমূল নেত্রীর কঠোরটম শাস্তি দাবি করছি।”

অমিয়বাবু আরও বলেন, “আমরা মঙ্গলবার সন্ধ্যায় রামপুরহাট থানায় এফ আই আর করতে গিয়েছিলাম। কিন্তু দলদাস পুলিশ আমাদের এফ আই আর নিতে অস্বীকার করেন। বাধ্য হয়ে আমি ই- মেইলের মাধ্যমে অভিযোগ জানিয়েছি। এরপর জেলায় জেলায় এফ আই আর করা হবে। এরপরও যদি পুলিশ এফ আই আর না করে তাহলে আমরা উচ্চ আদালতে দলদাস পুলিশ এবং তৃণমূল নেত্রীকে টেনে নিয়ে যাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *