আমাদের ভারত, ৬ জুলাই:
মা কালী ও দেবাদিদেব মহাদেব সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও পীরজাদা ত্বহা সিদ্দিকি। – এই অভিযোগ করল বিশ্ব হিন্দু পরিষদ। এই অভিযোগে তাঁদের শীঘ্রই গ্রেফতার করার দাবি জানাল বিশ্ব হিন্দু পরিষদ। না হলে রাজ্যের সব থানায় এদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার হুমকি দিয়েছে তারা। এদের বিরুদ্ধে শীঘ্রই উপযুক্ত পদক্ষেপ করা না হলে রাজ্যের হিন্দুদের নিয়ে বড় আন্দোলনে নামারও হুমকি দিল বিশ্ব হিন্দু পরিষদ।
রাজ্যের তৃণমূল সরকারের উদ্দেশ্যে একটি বিবৃতি জারি করে পরিষদের তরফে জানানো হয়েছে, নূপুর শর্মার বিষয়ে একটি বিশেষ সম্প্রদায়কে খুশি করতে নিজে হিন্দু নারী হয়েও যেভাবে মুখ্যমন্ত্রী ও তার দল, একজন সনাতনী হিন্দু নারীকে গ্রেফতার করতে চেয়েছিলেন তা গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ দেখেছে। নূপুর শর্মার গ্রেফতারির বিষয়ে যে ভাবে মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সোচ্চার হয়েছিল আপামর হিন্দুরা দেখেছে। কিন্তু সময়ের চাকা ঘুরতে বেশি সময় লাগেনি। তাই ঠিক একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমান সময়েও। তৃণমূল কংগ্রেসের একজন প্রসিদ্ধ প্রবক্তা তথা লোকসভার সদস্য মহুয়া মৈত্র হিন্দু বিশ্বাসীদের ভাবাবেগকে আহত করেছেন। আমাদের আরাধ্য দেবী মা কালীকে অপমানিত করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।
এছাড়াও বিবৃতিতে আরও একজনকে গ্রেফতারের দাবি করা হয়েছে। রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের একজন বরিষ্ঠ ও খ্যাতিনামা পির সাহেব যাকে সবাই পিরজাদা ত্বহা সিদ্দিকী নামেই চেনে তিনিও হিন্দুদের ভাবাবেগ আঘাত করেছেন বলে অভিযোগ। তিনি হিন্দুদের আরাধ্য দেবাদিদেব মহাদেবের নামে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।
পরিষদের তরফে বলা হয়েছে যে ভারতীয় সংবিধানের গরিমা বজায় রেখে রাজ্যের প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করে যদি এই দুই ব্যক্তিকে গ্রেফতার না করা হয় তাহলে সনাতনী সমাজ সরকারের প্রতি বিশ্বাস হারাবে। পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সৌহার্দ্য নষ্ট হয়ে সাম্প্রদায়িক অস্থিরতার কালো মেঘে দেখা দেবে।
হুমকির শুরু বিশ্ব হিন্দু পরিষদ জানিয়েছে, মুখ্যমন্ত্রী যদি নীরব দর্শক হয়ে বসে থাকেন তাহলে রাস্তায় নেমে আন্দোলন শুরু হবে। পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজ এই আন্দোলনকে তীব্রতর করে তুলবে। যদি তৃণমূল সরকার কোনও পদক্ষেপ না করে তাহলে বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে গোটা রাজ্যের ভিন্ন ভিন্ন থানা থেকে এই দুই জনের নামে অভিযোগ দায়ের করা হবে।

