সংগঠনকে শক্তিশালী করতে জলপাইগুড়িতে ভার্চুয়াল বৈঠক বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৫ মে: সামনেই লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করতে বিজেপির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে বৈঠক করছে দলের শীর্ষ নেতৃত্ব। আজ জলপাইগুড়ি জেলার বিজেপি নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
মূলত বুথ স্তর থেকে সংগঠনকে শক্তিশালী করতেই এই বৈঠক।

আজ বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় বলেন, “এই বৈঠকে দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় সরকারে একাধিক প্রকল্পের সুবিধা গরিব মানুষরা পাচ্ছেন না। এই কারণে দলের কার্যকতারা বুথস্তরে পৌঁছে সকলের সঙ্গে পরিচিত হবেন। কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের বিষয়ে মানুষকে জানাবেন দলের কর্মীরা। এবং কার কি সুবিধে অসুবিধে রয়েছে সেই সব সম্পর্কে খোঁজ খবর নেবেন। এরপর এই সব সমস্যা গুলো তারা একটি অ্যাপের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌছে দেবে।

জয়ন্ত বাবু বলেন, এখানে একশো দিনের কাজকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতি হয়েছে। পুকুর চুরি নয় সাগর চুরি হয়েছে, অর্থাৎ পুকুর খননে নাম করে টাকা আত্মসাৎ করা হয়েছে। সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে চা বাগান এলাকায়। চা বাগানে একশো দিনের কাজের অনুমতি নেই এরপরেও বাগানে একশো দিনের কাজ হয়েছে। জনগণের টাকা নয় ছয় করা হচ্ছে। রাজ্য সরকার হিসেব না দেওয়া পর্যন্ত তারা টাকা পাবেন বলে মনে হয় না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *