প্যারোলে জেল থেকে ফেরা দাঙ্গায় অভিযুক্ত শাহরুখ পাঠানকে ঘিরে উল্লাস মহল্লাবাসীর, ভাইরাল ভিডিও

আমাদের ভারত, ২৭ মে: পুলিশের দিকে বন্দুক উঁচিয়ে ধরা দিল্লি দাঙ্গায় অভিযুক্ত শাহরুখ পাঠানের ছবি প্রায় সব সংবাদ মাধ্যমেই শিরোনামে উঠে এসেছিল সেই সময়। দাঙ্গায় অভিযুক্ত মহম্মদ শাহরুখ পাঠান প্রায় আড়াই বছর পর চার ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাড়ি এসেছিলেন। আর তাতেই তাকে ঘিরে মহল্লায় বিরাট উল্লাস হয়। প্রায় বীরের সম্মান জানানো হয় তাকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনের সময় দিল্লিতে দাঙ্গা ছড়িয়ে পড়ে। তিনদিনের দাঙ্গায় ৫০ জনের ওপর নিহত হয়েছিলেন, আহত হয়েছিল ২০০ জনেরও বেশি মানুষ। সেই সময় পিস্তল হাতে এক পুলিশ কর্মীর দিকে মেরুন রঙের টি-শার্ট পরা শাহরুখ তেড়ে যান বলে অভিযোগ। পুলিশের সামনেই ৮ রাউন্ড গুলিও ছোঁড়ে সে। তার পরেই ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছিলেন শাহরুখ। ঘটনার ভিডিও ফুটেজ দেখে শাহরুখকে চিহ্নিত করে পুলিশ। দাঙ্গার ঘটনার সপ্তাহ খানেক পরে তাকে গ্রেপ্তার করা হয়। পাঠানের বিরুদ্ধে দাঙ্গা বাধানো, ধর্মীয় বিভেদ সৃষ্টি করা ও খুনের চেষ্টার অভিযোগ রয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে প্যারোলে ৪ ঘন্টার জন্য মুক্তি পেয়ে শাহরুখ তার এলাকায় পৌঁছানো মাত্রই তাকে ঘিরে উৎসাহী জনতার উল্লাস। উঠেছে স্লোগান। বাড়িতে হেঁটে যাওয়ার সময় তাকে অনুসরণ করছে মহল্লার ভিড়। গত মার্চে পাঠানের বাবার হার্টে অস্ত্রপ্রচার হয়েছে। অসুস্থ বাবাকে দেখার জন্যই তাকে মুক্তি দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *