পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৭ জুন: মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে রাতারাতি উধাও আত্রেয়ীর পাড়ের আবাদি জমি। উদাসীন প্রশাসনের ভূমিকায় আতঙ্কিত বাসিন্দারা। বালুরঘাটের পাগলীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকার এমন ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বাসিন্দাদের অভিযোগ, মাটি মাফিয়ারা কোনও নিয়ম নীতির তোয়াক্কা না করেই জেসিবি দিয়ে বেপরোয়া ভাবে মাটি কাটছে নদীর পাড়ের আবাদি জমির। আর তাতেই চরম ক্ষতির মুখে পড়েছেন এলাকার কৃষকরা। শুধু তাই নয়, মাটি মাফিয়াদের এমন দৌরাত্ম্যে তৈরি হয়েছে ব্রিজ ভেঙ্গে পড়ার আশঙ্কাও। আর যাকে ঘিরে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, বিগত বেশকিছু দিন ধরে চক্ভৃগুর বাসিন্দা তথা মাটি মাফিয়া নিকুঞ্জ মন্ডলের নির্দেশে বালুরঘাটের পাগলীগঞ্জ এলাকায় দেদারে চলছে অবৈধ ভাবে মাটি কাটার কাজ। জেসিবি দিয়ে মাটি কেটে ট্রাক্টরে করে
নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন ইট ভাটাতে বলে অভিযোগ। দিন রাত এককরে নদীর ধারের উর্বর আবাদি জমির মাটি কেটে নিয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন এলাকার কৃষকরা। প্রতিবাদ করলে মাটি মাফিয়াদের তরফে মিলছে নানা হুঁশিয়ারি বলেও অভিযোগ। দীর্ঘ বেশকিছুদিন ধরে পাগলীগঞ্জ এলাকার আত্রেয়ীর পাড়ে এমন অরাজকতা পরিস্থিতি তৈরি হলেও দেখা নেই প্রশাসনের। আর যাকে ঘিরেই চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায়।

এলাকার বাসিন্দা রঞ্জিত মন্ডল, নিরঞ্জন বর্মন ও সঞ্জীব চৌধুরীরা জানিয়েছেন, মাটি মাফিয়াদের এমন দৌরাত্ম্যে চরম অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়। এই ভাবে মাটি ও বালি কেটে নিয়ে যাওয়ায় ব্রিজের ক্ষতির পাশাপাশি এলাকায় চাষবাসের ক্ষতি হলেও দেখা মেলেনি প্রশাসনের।
বিপুল পাহান ও দুলাল মহন্ত নামে দুই ট্রাক্টর চালক বলেন, চকভৃগুর বাসিন্দা তথা তাদের মালিক নিকুঞ্জ মন্ডলের নির্দেশেই চলছে এই মাটি কাটার কাজ। সেটা বৈধ না অবৈধ তা তাদের জানা নেই।
এডিএম এলআর মনীশ ভর্মা জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

