আমাদের ভারত, ২২ অক্টোবর:
বাংলাদেশে হিংসা থামার নাম নাম নেই। শুক্রবার নামাজের আগে ফের নোয়াখালীর জগন্নাথ মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, রীতিমতো পরিকল্পনা করেই জগন্নাথ মন্দিরে হামলা চালানো হয়েছে।ভেঙ্গে ফেলা হয়েছে জগন্নাথ দেবের বিগ্রহ। প্রায় দুই কোটি টাকার সম্পদ মন্দির থেকে লুট করেছে হামলাকারীরা বলে অভিযোগ। ব্যাপক ভাঙ্গচুর চালানো হয়েছে মন্দিরে। স্থানীয় হিন্দুরা চুড়ান্ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানা গেছে।
দুর্গাপুজো থেকে শুরু হওয়া হিংসা আজও থামেনি বাংলাদেশে। সেখানে আতঙ্কে হিন্দু সম্প্রদায়ের মানুষের রাতের ঘুম পর্যন্ত উড়ে গেছে। গত শুক্রবার নোয়াখালীর ইসকনের মন্দিরে মৌলবাদীরা হামলা চালায় বলে অভিযোগ। একাধিক হিন্দু গ্রামে আগুন ধরিয়ে দেওয়া হয়। মন্দিরেও ভাঙ্গচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। সম্পত্তি লুট করা হয়। বাধা দিতে গিয়ে নিহত হন এক সন্ন্যাসী। এছাড়াও আহত হয়েছেন বেশ কয়েকজন ইসকনের সদস্য। গত সপ্তাহে শুক্রবার এই ঘটনা ঘটেছিল। এরপর আবার চলতি সপ্তাহে শুক্রবার নোয়াখালীর জগন্নাথ মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার নামাজের আগেই এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, রীতিমতো পরিকল্পনা করেই জগন্নাথ মন্দিরে হামলা করা হয়। হামলাকারীদের শুধু মন্দির ভাঙ্গচুর করাই উদ্দেশ্য ছিল না। তারা মন্দিরের সম্পদ লুটপাট করে। নগদ কয়েক লাখ টাকা, বস্তা ভর্তি চাল এমনকি মন্দিরের শক্তপোক্ত দরজা, দেরাজ ভেঙ্গে অলংকার ও লুট করেছেন তারা এবং এই সব ভাঙ্গার জন্য তারা উপযুক্ত সরঞ্জাম পর্যন্ত সঙ্গে করে নিয়ে এসেছিল বলে জানা গেছে। মন্দিরের জগন্নাথ দেবের বিগ্রহ ভেঙ্গেছে হামলাকারীরা। মন্দিরের একটি কাঁচও আস্ত নেই। ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে।

স্থানীয় হিন্দুরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। তারা জানিয়েছেন ইঙ্গিত দেওয়া হয়েছে আবার হামলা হতে পারে সেখানে। অভিযুক্তরা সেখানে চোখের সামনে ঘোরাঘুরি করলেও তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হচ্ছে না বলে জানিয়েছেন হিন্দুরা।

