চন্দ্রকোনায় ভ্যাকসিনেশন নিয়ে গন্ডগোল

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ মে: যস ঘূর্ণিঝড়ের বিপর্যয়ের মধ্যেই চন্দ্রকোনায় ভ্যাকসিনেশন সেন্টারে ব্যাপক গন্ডগোলের সৃষ্টি হয়। অবশেষে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার বিপর্যয়ের মধ্যেও চন্দ্রকোনা ২ ব্লকের চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের টিকাকরণ কেন্দ্রে পৌঁছে যায় স্থানীয় বাসিন্দারা। যদিও বর্তমানে হাসপাতালে সাধারণদের জন্য টিকাকরণ প্রক্রিয়া বন্ধ রয়েছে। ৮৪ দিনের ব্যবধানে হকার ও পরিবহন শ্রমিকদেরই শুধুমাত্র টিকাকরণ দেওয়ার কাজ চলছে ওই টিকাকরণ কেন্দ্রে।

কিন্তু এদিন স্থানীয় বেশকিছু মানুষ দাবি জানায়, সাধারণ মানুষদেরও টিকা দিতে হবে, যেহেতু তারা এই বিপর্যয়ে  টিকা কেন্দ্রে পৌঁছেছে তাই তাদেরও টিকা দেওয়ার দাবি জানাতে থাকলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে গন্ডগোল বেধে যায়। কেন্দ্রের গেটের সামনে বিক্ষোভ শুরু করে স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ খবর দেন চন্দ্রকোনা থানায়। পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন এবং টিকাকরণ নিয়ে সরকারি নির্দেশিকা পড়ে শোনান। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *