দু’দিন নিখোঁজ থাকার পর রাস্তার পাশের ডোবা থেকে উদ্ধার ভিন রাজ্যের চালক

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৭ নভেম্বর: দু’দিন নিখোঁজ থাকার পর যশোর রোডের পাশের ডোবা থেকে এক ভিন রাজ্যের গাড়ির চালকের দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে জানাগিয়েছে, মৃতের নাম সাথার শেখ (৫৬)। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। গতকাল রাতে গাইঘাটা থানার দোগাছিয়া এলাকার একটি ডোবা থেকে তার দেহটি উদ্ধার হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যশোর রোডের পাশে দুই দিন ধরে দাঁড়িয়েছিল একটি পণ্য বোঝাই ট্রাক। ট্রাক চালককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গাড়ির খালাসি ও চালককে বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করছিল স্থানীয়রা। শনিবার সন্ধ্যায় রাস্তার পাশের একটি ডোবায় কিছু একটা ভাসতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। খবর যায় গাইঘাটা থানায়। খবর পেয়ে রাতে পুলিশ এসে পুকুর থেকে দেহটিকে উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, দেহটি ওই ট্রাক চালকের। পুলিশের প্রাথমিক অনুমান রাতে নেশাগ্রস্ত অবস্থায় পুকুরে পড়ে মৃত্যু হয়েছে তার। তবে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে তা জানতে দেহটিকে ময়না তদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে গাইঘাটা থানার পুলিশ। মৃতের বাড়িতে খবর দেওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *