পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৬ এপ্রিল: ভোট বয়কট করে অনুন্নয়নের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন গ্রামবাসীরা। দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভার ২১৪ নম্বর বুথের ছোট দেওরা গ্রামে ব্রিজ ও রাস্তার দাবি নিয়ে ভোট বয়কট চলে। স্বাধীনতার পর থেকে এলাকার কাশিয়াখাড়ির উপর একটি সেতুর দাবি করে আসছিলেন বাসিন্দারা। অভিযোগ, নেতা মন্ত্রীদের বারবার আশ্বাসের পরেও কোনও কাজ হয়নি। বাধ্য হয়ে বছরের পর বছর বর্ষাকালে ডিঙি নৌকায় চেপেই জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হয় তাদের। পাকা রাস্তার অভাবে রাত বিরেতে অসুস্থ রোগীদের নিয়েও চরম দুর্বিষহ অবস্থা গ্রামবাসীদের। দীর্ঘদিনের এই সমস্যা নিয়ে প্রশাসন ও নেতা মন্ত্রীদের ব্যর্থতা তুলে ধরে গ্রামে পোষ্টার টাঙ্গিয়ে আগেই ভোট বয়কটের ডাক দেওয়া হয়। এদিন ওই গ্রামের ৩৬৭ জন ভোটার নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন নি। শুধু তাই নয়, অনুন্নয়ন নিয়ে এদিন এলাকায় মিছিলও করেছেন গ্রামবাসীরা। শ্লোগান দেওয়া হয়েছে ব্রীজ নেই তো ভোট নেই।

গ্রামের এক মহিলা শেফালী সরকার ও প্রদীপ সরকাররা জানিয়েছেন, আমরা যে ভোট দিতে যাবো সেই রাস্তাটাও পাকা নেই। বৃদ্ধ মহিলা থেকে শুরু করে প্রত্যেককেই চরম অসুবিধায় পড়তে হয়। ব্রিজের অভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় খাড়ির উপর দিয়ে। এমন সব ঘটনার প্রতিবাদে তারা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।

