স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৬ এপ্রিল: সরকারি প্রকল্পের সুবিধা রাজ্যবাসীদের মধ্যে পৌঁছে দিতে দুয়ারে সরকার প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার। কিন্তু সেই কর্মসূচিতে গিয়ে হয়রানির শিকার হতে হল মানুষজনকে। ফলে ক্ষুব্ধ হয়ে শিবিরে ভাঙ্গচুর চালালো তারা। গোটা ঘটনায় বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের আগডিমটিখন্তি অঞ্চলের দিঘলবস্তি এলাকায়।

জানা গিয়েছে, স্থানীয় দিঘলবস্তি প্রাথমিক বিদ্যালয়ে এদিন এই শিবির অনুষ্ঠিত হয়। সরকারি সুবিধা পেতে নির্দিষ্ট সময়ের আগেই গ্রামবাসীরা হাজির হয়েছিলেন শিবিরে, কিন্তু সকাল সাড়ে দশটায় শিবির চালু হওয়ার কথা থাকলেও, বেলা সাড়ে এগারোটা নাগাদ কর্মীরা ক্যাম্পে উপস্থিত হতে শুরু করেন। একেই সময়ের অনেক পরে কাজ চালু হয়, তার ওপরে সরকারি প্রকল্পের আবেদনপত্র অপ্রতুল হওয়ায় ফর্ম না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে দূরদূরান্ত থেকে আসা গ্রামবাসীরা। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দিঘলবস্তি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই বাড়ি তৃণমূলের অঞ্চল সভাপতি আকবর আলীর। সাধারণ মানুষকে সাহায্য করতেই সকাল সকাল তিনি ক্যাম্পে হাজির হয়েছিল। দীর্ঘক্ষন দাঁড়িয়ে থেকেও ক্যাম্প চালু না হওয়ায় সরকারি কর্মী ও স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি।

অন্যদিকে এদিন দেরি করে ক্যাম্প চালু হওয়ায় ও ফর্ম না পেয়ে বিক্ষোভ দেখাতে থাকে উত্তেজিত গ্রামবাসীরা। এমনকী ক্যাম্পের আসবাবপত্রেও ভাঙ্গচুর চালানো হয়।এই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় শিবির চত্বরে।খবর পেয়ে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।শুরু হয় শিবিরের কাজকর্ম। যদিও কর্মীদের দেরিতে আসার কথা মেনে নিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি নজরুল ইসলাম। তবে পর্যাপ্ত ফর্ম শিবিরে রয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ব্লক অফিসের কর্মী সাগরাম সোরেন জানিয়েছেন, ক্যাম্পে পর্যাপ্ত ফর্ম আছে। বিভাগের নাম দেওয়া হয়নি বলে সমস্যায় পড়েছিলেন গ্রামবাসীরা। দ্রুত বিভাগের নাম লিখে চিহ্নিতকরণ করা হয় বলে জানান তিনি।

