নদীর পাড় কেটে সেতু নির্মাণে বন্যার আশঙ্কা, কাঁকসার শিবপুরে সেতু নির্মাণের কাজ বন্ধ করল গ্রামবাসীরা

জয় লাহা, দুর্গাপুর, ১ সেপ্টম্বর: নদীর পাড় কেটে সেতু নির্মাণের কাজের অভিযোগ। তার জেরে বন্যার আশঙ্কা। নদীর পাড় কাটা ঠেকাতে সেতু নির্মাণ কাজ আটকে দিল ক্ষুব্ধ গ্রামবাসরীরা। বুধবার মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিন এই ঘটনাকে ঘিরে বিস্তর চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে কাঁকসার শিবপুরে।

উল্লেখ্য, দীর্ঘদিনের দাবিতে অজয় নদীর ওপর কাঁকসার শিবপুরে সেতু নির্মাণ শুরু হয়েছে। নদী গর্ভে চলছে পিলার তৈরীর কাজ। সম্প্রতি নদীর পাড় কেটে ভরাট কাজ চলছিল। বিষয়টি নজরে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। বুধবার ক্ষুব্ধ গ্রামবাসীরা সেতু নির্মাণের কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে। এই ঘটনাকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়।

গ্রামবাসীরা জানান, “বর্ষায় সামান্য বৃষ্টি হলেই বন্যা হয় অজয়ে। এভাবে নদীর পাড় কেটে নেওয়ায় আশপাশের ৮-৯ টি গ্রামে বন্যা পরিস্থিতি তৈরী হবে। প্রচুর ক্ষতি হবে চাষে।” গ্রামবাসীরা জানান, “বিষয়টি বিডিও ও বিএএলআরওকে জানিয়েছি। কিন্তু সুরাহা না হওয়ায় কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। আমাদের দাবি পুনরায় নদীর পাড় বেঁধে দিতে। না হলে বৃষ্টি হলে বন্যা পরিস্থিতি তৈরী হবে।”

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিদবিহার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ হাঁড়ি। তিনি জানান,”এভাবে নদীর পাড় কাটার কোনও নিয়ম আছে বলে জানা নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি।”

অন্যদিকে কাঁকসার সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত ভট্টাচার্য জানান,”পূর্ত দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। এভাবে নদীর পাড় কাটা যাবে না।” 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *