মধুচক্রের প্রতিবাদ করায় বনগাঁর জিয়ালা গ্রামে গুলি চালিয়ে হুমকি, ভাঙ্গচুর ও বিক্ষোভ গ্রামবাসীদের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ আগস্ট: বাড়িতে চলতো মধুচক্র। গ্রামবাসীরা প্রতিবাদ করতেই গ্রামবাসীদের ভয় দেখাতে গভীর রাতে শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠল গ্রামের এক মহিলার বিরুদ্ধে। এরপর সকালে ওই মহিলার বাড়ি ভাঙ্গচুর চালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কালুপুর গ্রাম পঞ্চায়েতের জিয়ালা গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছোয় পুলিশ, গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ময়না বিশ্বাস নামে এক মহিলাকে গ্রেফতার করে।

গ্রামবাসীদের অভিযোগ, ময়না বিশ্বাস দীর্ঘদিন ধরেই বাড়িতে মধুচক্র চালিয়ে যাচ্ছেন। এলাকার বাইরে থেকে বিভিন্ন ছেলেদের আনাগোনা তার বাড়ি। অন্য এলাকার দুষ্কৃতীদের বাড়িতে জায়গা দিয়ে মদ খাওয়া, গ্রামের মধ্যে গালিগালাজ সহ অসামাজিক কাজ করত বলে অভিযোগ। গ্রামবাসীরা আগেও বেশ কয়েকবার প্রতিবাদ জানিয়েছেন, তবুও লাভ হয়নি। দু’দিন আগে মদ্যপ অবস্থায় ময়না বিশ্বাসের বাড়ি থেকে বেশ কয়েকজনকে বেরতে দেখে গ্রামের কয়েক জন প্রতিবাদ করে। শুক্রবার রাতে গ্রামের মানুষকে ভয় দেখাতে সেই সব দুষ্কৃতীদের ডেকে নিয়ে এসে গ্রামের মধ্যে প্রায় সাত রাউন্ড গুলি চালায় এবং গালিগালাজ দিয়ে হুমকি দেয়। এই ঘটনার পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে রাতে ওই মহিলাকে আটক করে নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ শুরু করে।

যদিও পুলিশ সূত্রে খবর, ১ থেকে ২ রাউন্ড গুলি চলেছে। ঘটনার পরেই উত্তেজিত জনতা সকাল থেকেই ওই মহিলার বাড়ি ভাঙ্গচুর করে বিক্ষোভ শুরু করে। বাড়িতে তালা ঝুলিয়ে দেয় তার। এই বিষয়ে স্থানীয়রা বলেন…”দীর্ঘদিন ধরে ওই মহিলার বাড়িতে বিভিন্ন যুবকদের অবাধ যাতায়াত। আমরা এর আগে প্রতিবাদ করায় গতকাল রাত ৯ টা থেকে গুলি চলে এবং বিভিন্ন ভাবে হুমকি দেয় দুষ্কৃতীরা। আমরা চাই বনগাঁ থানার পুলিশ আমাদের পাশে থাকুক এবং এই আতঙ্ক থেকে আমাদের রক্ষা করুক।”

এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য দুলাল দাস বলেন, “গতকাল রাতে গ্রামবাসীরা আমাকে ফোন করে। আমি বৃষ্টির মধ্যে কি করব বুঝতে না পেয়ে পুলিশে খবর দিই, পুলিশ এসে ওই মহিলাকে নিয়ে যায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *