পুরুলিয়ার সাঁতুড়িতে সরকারি আবাস প্রকল্পে দুর্নীতির অভিযোগে পঞ্চায়েতে বিক্ষোভ গ্রামবাসীদের

সাথী দাস, পুরুলিয়া, ২৮ জুন: সরকারি আবাস প্রকল্পে দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত প্রধানের কাছে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমার অন্তর্গত সাঁতুড়ি গ্রাম পঞ্চায়েতে ঘটনাটি ঘটে। এই নিয়ে উত্তপ্ত হয় এলাকা।

বিক্ষোভকারিদের অভিযোগ, ঘাটশিলা গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামের তালিকায় দুর্নীতি সহ একাধিক দাবিতে সাঁতুড়ি গ্রাম পঞ্চায়েতে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু কোনও কাজ হয়নি। বিক্ষুব্ধ গ্রামবাসীদের আরও দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেওয়ার লিস্ট যখন তৈরি হয় তখন জরিপ করার সময় গরিব মানুষদের বাড়ির ফটো তোলা হয়নি। তালিকায় নামও নেই। অথচ, যাদের নাম থাকার কথা নয় অর্থ্যাৎ যারা আর্থিকভাবে স্বচ্ছল, যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি তাদের নাম রয়েছে। তাই আজ একটি লিখিত অভিযোগ গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে তারা জমা দিয়েছেন।

এই বিষয়ে সাঁতুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, যখন জরিপের কাজ হয় তখন তিনি প্রধান ছিলেন না। তিনি জানান, ২০১৭ সালে সম্ভবত এই সার্ভে করা হয়েছিল। তাই, তিনিও চান উপযুক্ত ব্যক্তি বা দাবিদার যেন বাড়ি পান। আজই বিক্ষোভকারীদের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে অভিযোগ জানানোর পরামর্শ দেন প্রধান। বিক্ষোভকারীদের আশ্বাস দিয়ে প্রধান বলেন, ” ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক যেভাবে বলবেন সেভাবে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *