আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১ অক্টোবর: বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ দেখাল গ্রামের মানুষ। রাস্তায় জমা জলে মাছ ছেড়ে বিক্ষোভ এলাকাবাসীদের। বারবার প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হয়নি তাই আজ এই বিক্ষোভ।

পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লকের পূর্ব গুমাই গ্রামের ২৩২ নম্বর বুথ এলাকার রাস্তার দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থা। গ্রামবাসীরা গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক স্তর থেকে জনপ্রতিনিধিদের বার বার জানিয়েছে। মিলেছে শুধুই প্রতিশ্রুতি। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি আজও। বর্ষাকাল প্রায় শেষের পথে। সারা বর্ষাকাল জুড়েই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বর্তমানে কয়েকদিন ধরে চলা বিক্ষিপ্ত বৃষ্টিতে রাস্তার অবস্থা আরও খারাপ। এই অবস্থায় রাস্তা চলাচলের অযোগ্য। এই রাস্তা দিয়ে রোগী নিয়ে যেতে সব থেকে বেশী সমস্যার মধ্যে পড়তে হয় মানুষজনকে। তাই আজ গ্রামের সাধারণ মানুষ দলমত নির্বিশেষে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য রাস্তার মধ্যে জমা জলে মাছ ছেড়ে, মহিলারা ছাকনি জাল দিয়ে মাছ ধরার অভিনয় করে বিক্ষোভ দেখায়। আগামীদিনে রাস্তা ঠিক না হলে তারা আরও বড়ো আন্দোলনে নামবেন বলে জানান।


