আবাস যোজনায় দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে গোয়ালপোখরের সাহাপুর-১ পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৯ ডিসেম্বর: প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে গ্রাম পঞ্চায়েত দফতরের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর-২ ব্লকের সাহাপুর-১ নং গ্রাম পঞ্চায়েতে।

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্যের প্রায় সমস্ত জেলা। অধিকাংশ ক্ষেত্রেই শাসক দলের নেতা কর্মীদের নাম জড়িয়েছে দুর্নীতিতে। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ২ নম্বর ব্লকের সাহাপুর ১ নম্বর পঞ্চায়েতে ঘর না মেলায় বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা৷ এরপর গেটে তালা লাগিয়ে দেন তারা। গ্রামবাসীদের অভিযোগ, প্রথমে আবাস যোজনার তালিকায় নাম থাকলেও, পরে তাদের নাম কাটা পড়ে। স্বাভাবিকভাবেই দরিদ্র গ্রামবাসীদের বঞ্চনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন তারা। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে পঞ্চায়েতের ভেতরে আটকে পড়ে কর্মীরা। তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয় গোটা গ্রাম পঞ্চায়েত দফতর চত্বরে। অবিলম্বে তালিকা সংশোধন করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

অন্যদিকে এদিন গ্রাম পঞ্চায়েতের কর্মীরা বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে গ্রামবাসীদের আপত্তি রয়েছে। সে কারণেই দফতরে তালা লাগিয়ে দিয়েছেন গ্রামবাসীরা। বিষয়টি প্রধানকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *