বেহাল সড়ক সংস্কারের দাবি, মালদা- রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের 

আমাদের ভারত, মালদা, ১২ ফেব্রুয়ারি: দীর্ঘদিন ধরে বেহাল সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসীরা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে রতুয়া ২ নং ব্লকের পুকুরিয়া এলাকার মালদা- রতুয়া রাজ্য সড়কে। পরে এই অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রতুয়া থানার পুলিশ। প্রায় দু’ঘণ্টা পর পুলিশি হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, পুকুরিয়া মোড় থেকে নওগাঁ পর্যন্ত রতুয়া- মালদা রাজ্য সড়কের বেশ কয়েক কিলোমিটার দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, রাস্তায় ছোট-বড় অসংখ্য গর্ত। কয়েক কিলোমিটার রাস্তা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। 

স্থানীয় গ্রামবাসীদের আরো অভিযোগ, বার বার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। অবশেষে এলাকাবাসী এবং যানবাহন চালকরা একত্রিত হয়ে শনিবার সকাল থেকে রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। রাস্তার বেহাল দশা থাকায় প্রায় দিনই দুর্ঘটনা ঘটছে। অসুস্থ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা এই বেহাল রাস্তার কারণে ব্যাপক অসুবিধার মুখে পড়ছে। এরই প্রতিবাদে এদিন ওই এলাকার রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা।

রতুয়া থানার পুলিশ জানিয়েছে, এলাকার সড়কটি সংস্কারের বিষয়ে প্রশাসনের সঙ্গে বসে আলোচনা করা হবে। এই আশ্বাস পাওয়ার পরই গ্রামবাসীরা অবরোধ তুলে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *