অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৫ আগস্ট: ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের সরডিহা গ্রাম পঞ্চায়েতের ক্ষমতায় রয়েছে বিজেপি। ওই গ্রাম পঞ্চায়েতের মোট দশটি আসনের মধ্যে নটি আসনে জয়লাভ করে বিজেপি এবং একটি আসনে জয়লাভ করে তৃণমূল। তৃণমূলের পঞ্চায়েত সদস্য রজনীকান্ত মাহাতো অভিযোগ করে বলেন, তার পাথরি সংসদে কেবলমাত্র ১১ জন বিজেপি কর্মীকে বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ি দেওয়া হয়েছে। অথচ তৃণমূল কংগ্রেসের সমর্থক একজনকে বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ি দেওয়া হয়নি। সরডিহা গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা রায়কে লিখিতভাবে সমস্ত কিছু জানানো হয়েছে। এমনকি ঝাড়গ্রাম ব্লকের বিডিও’কেও বিষয়টি জানানো হয়েছে লিখিতভাবে। কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত পাথরি সংসদের একজন কেও বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ি দেওয়া হয়নি। তাই গ্রামবাসীরা বৃহস্পতিবার বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ি না পেয়ে সরডিহা গ্রাম পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে। যার ফলে ওই গ্রাম পঞ্চায়েতের কাজ কর্ম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
ওই এলাকার বাসিন্দাদের দাবি, বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধান নমিতা রায় এখানে দলবাজি শুরু করেছে। তৃণমূল কংগ্রেস সমর্থকদের বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ি দিচ্ছেন না। অথচ যাদের বাড়ির প্রয়োজন নেই তারা বিজেপি সমর্থক বলে তাদেরকে বাড়ি দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার গ্রামবাসীরা সরডিহা গ্রাম পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে বলে তারা জানান।
তবে সরডিহা গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা রায়ের সাথে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন তোলেননি।

