আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৬ আগস্ট: করোনায় আক্রান্ত রোগীদের মৃতদেহ দাহ করার জন্য বিশেষ শ্মশান তৈরীর কাজ বন্ধ হল গ্রামবাসীদের বিক্ষোভে ও বাধায়। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের ঘটনা।
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া মানুষকে সৎকার করার জন্য কোলাঘাট ব্লক প্রশাসন কলিশ্বর, বলিশ্বর, দেহাটি ও ধুলিয়াড়ার সংযোগস্থলে ফাঁকা নির্জন এলাকায় একটা শ্মশান নির্মাণ করবে বলে স্থির করেছে। কিন্তু কাজ শুরুর আগেই কলিশ্বর, বলিশ্বর দেহাটি ও ধুলিয়াড়ার গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়ে। গ্রামবাসীদের অভিযোগ, সরকারের স্থির করা শ্মশানের জায়গার ওপর দিয়েই চাষবাস করতে যায় গ্রামের সাধারণ মানুষ। এবং শ্মশানের ১০০ মিটারের মধ্যেই এই চার গ্রামের যাতায়াতের মূল রাস্তা। কিছুটা দূরেই আদিবাসী সম্প্রদায়ের মানুষদের বসবাস। গ্রামবাসীদের অভিযোগ, সরকারি আধিকারিক এলাকার মানুষদের সঙ্গে কোনও আলোচনা না করেই সিদ্ধান্ত নিয়েছে যে করোনা আক্রান্ত ব্যক্তিদের মৃতদেহ এখানে দাহ করা হবে। অবিলম্বে এই শ্মশান সরাতে হবে নচেত এলাকার মানুষ বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানায় চারটি গ্রামের প্রায় ২০০ জন গ্রামবাসী।

যদিও কোলাঘাট ব্লকের বিডিও মদন মন্ডল জানান, প্রশাসন সরকারি সমস্ত বিধি নির্দেশ মেনে ওখানে শ্মশান করাবার সিদ্ধান্ত নিয়েছে। যেখানে শ্মশান করার কথা স্থির করা হয়েছে তার আশপাশে কোনও জনবসতি নেই। ওই শ্মশান করার জন্য প্রশাসন ইতিমধ্যেই তিনটি সর্বদলীয় বৈঠক করেছে। আজও তমলুক এসডিপিওর নেতৃত্বে গ্রামবাসীদের নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে।


